সিরাজগঞ্জে বাস-সিএনজি সংঘর্ষে কলেজছাত্রী নিহত, আহত ৩

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৪ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক মহাসড়কের সিরাজগঞ্জ সদর উপজেলার চন্ডীদাসগাঁতী বাজার এলাকায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নাদিয়া ইসলাম (১৯) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজির আরও তিন যাত্রী আহত হয়েছেন।

নিহত নাদিয়া ইসলাম সলংগা থানার হাটিকুমরুল গ্রামের বাবুল আক্তারের মেয়ে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সিরাজগঞ্জ সদর থানার ওসি রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, বৃহস্পতিবার দুপুরে হাটিকুমরুল থেকে সিএনজিযোগে চারজন যাত্রী সিরাজগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন। পথে চন্ডীদাসগাঁতী বাজার এলাকায় পৌঁছালে সিএনজিটির অ্যাক্সেল ভেঙে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং চার যাত্রী গুরুতর আহত হন। পরে পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাদিয়া ইসলামকে মৃত ঘোষণা করেন।

আহত অপর তিন যাত্রী ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। কোনো অভিযোগ না থাকায় বিকেলে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।