কালিহাতীতে আনসার ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪৭ | অনলাইন সংস্করণ
টাঙ্গাইল প্রতিনিধি

অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ আনসার ব্যাটালিয়ন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে টাঙ্গাইলের কালিহাতী এলাকায় টাঙ্গাইল আনসার ব্যাটালিয়ন (০৮ এবিএন) সদরের প্রধান ফটকের সামনে স্থানীয় সাধারণ মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
টাঙ্গাইল আনসার ব্যাটালিয়নের পরিচালক মুনমুন সুলতানার নির্দেশনায় এ সেবামূলক কার্যক্রম পরিচালিত হয়।
সকাল থেকে শুরু হওয়া ক্যাম্পে আসা সাধারণ মানুষকে বিনামূল্যে ওজন ও রক্তচাপ পরীক্ষা, ডায়াবেটিস নির্ণয়, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়। চিকিৎসাসেবা নিতে আসা স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানিয়েছে, প্রত্যন্ত অঞ্চলের মানুষের স্বাস্থ্যসুরক্ষায় প্রতি শুক্রবার সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত এই ফ্রি মেডিকেল ক্যাম্প চালু থাকবে।
উল্লেখ্য, ১৯৭৬ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দূরদর্শী ভাবনায় আনসার ব্যাটালিয়ন গঠিত হয়েছিল। সময়ের পরিক্রমায় বর্তমান মহাপরিচালকের নেতৃত্বে বাহিনীটি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি মানবিক কাজেও নিজেদের যুক্ত করেছে।
বর্তমানে ২টি মহিলা ব্যাটালিয়ন এবং ১টি বিশেষায়িত ব্যাটালিয়নসহ মোট ৪৭টি আনসার ব্যাটালিয়ন দেশজুড়ে সার্বক্ষণিক নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।
টাঙ্গাইল আনসার ব্যাটালিয়নের এ জনকল্যাণমুখী ও সেবামূলক উদ্যোগ স্থানীয় পর্যায়ে সর্বস্তরের মানুষের মাঝে ভূয়সী প্রশংসা কুড়িয়েছে।
জননিরাপত্তা ও সামাজিক নিরাপত্তার এ মেলবন্ধন দেশের প্রান্তিক জনগোষ্ঠীর প্রাথমিক চিকিৎসাসেবা প্রাপ্তিকে আরও সহজতর করবে বলে আশা করা হচ্ছে।
