লাইসেন্স ছাড়াই সার মজুদ, ভূরুঙ্গামারীতে ২ ব্যবসায়ীকে জরিমানা
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৬:২৮ | অনলাইন সংস্করণ
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে লাইসেন্স ছাড়াই অবৈধভাবে সার মজুদের অভিযোগে দুই ব্যবসায়ীকে মোট ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) মধ্যরাতে উপজেলার চরভূরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে ৩১ বস্তা ইউরিয়া ও ১১ বস্তা ডিএপি সার উদ্ধার করা হয়।
অভিযানে মো. বেলাল মিয়ার কাছ থেকে ২৭ বস্তা ইউরিয়া ও ৮ বস্তা ডিএপি এবং মানিক মিয়ার কাছ থেকে ৪ বস্তা ইউরিয়া ও ৩ বস্তা ডিএপি সার উদ্ধার করা হয়।
এ সময় স্থানীয় লোকজন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল জব্বার এবং ভূরুঙ্গামারী থানার টহল পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে লাইসেন্সবিহীনভাবে অবৈধ সার মজুদের দায়ে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ অনুযায়ী বেলাল মিয়া ও মানিক মিয়াকে পৃথকভাবে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভূরুঙ্গামারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম তারেক।
অভিযান সম্পর্কে স্থানীয়রা জানান, সার সংকট ও কৃত্রিম সংকট তৈরির সুযোগ নিয়ে কেউ কেউ অবৈধভাবে সার মজুদ করছেন। এ ধরনের অভিযান অব্যাহত থাকলে অবৈধ মজুদের প্রবণতা কমবে বলে মনে করছেন তারা।
