ছাত্র প্রতিনিধিদের উপেক্ষার অভিযোগে চবিতে হল সংসদের সভা বয়কট

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৪৮ | অনলাইন সংস্করণ

  চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আলাওল হলে ছাত্র সংসদের নির্বাচিত ছাত্র প্রতিনিধিদের পাশ কাটিয়ে প্রশাসনিক কার্যক্রম পরিচালনার অভিযোগ উঠেছে হল প্রভোস্ট অধ্যাপক মোহাম্মদ জমালুল আকবর চৌধুরীর বিরুদ্ধে। নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে সমন্বয় না করে এবং তাদের মতামত ও দায়িত্বকে উপেক্ষা করে হলের বিভিন্ন কার্যক্রম পরিচালনার প্রতিবাদে নির্ধারিত সভা বয়কটের ঘোষণা দিয়েছে আলাওল হল ছাত্র সংসদ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আলাওল হল ছাত্র সংসদের দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, হল প্রভোস্টের ‘প্রহসনমূলক, একপাক্ষিক ও স্বেচ্ছাচারী’ আচরণ এবং নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে সমন্বয়হীনতার কারণে হলের গণতান্ত্রিক পরিবেশ ও শিক্ষার্থীদের অধিকার ক্ষতিগ্রস্ত হচ্ছে। নির্বাচিত ছাত্র প্রতিনিধিদের পাশ কাটিয়ে অনাবাসিক শিক্ষার্থীদের সম্পৃক্ত করে হলের বিভিন্ন কার্যক্রম পরিচালনার অভিযোগও করা হয়েছে।

ছাত্র সংসদের অভিযোগ, প্রতিদিন রাত ১১টা থেকে ১২টা পর্যন্ত হল অফিসে গোপন বৈঠক ও প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে। এর প্রমাণও মিলেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এসব সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নির্বাচিত ছাত্র প্রতিনিধিদের যথাযথভাবে সম্পৃক্ত করা হচ্ছে না বলেও অভিযোগ করা হয়েছে।

এ ধরনের প্রক্রিয়ায় হলের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা নির্বাচিত ছাত্র প্রতিনিধিদের মর্যাদা ও শিক্ষার্থীদের অধিকারকে প্রশ্নবিদ্ধ করছে বলে মনে করে হল ছাত্র সংসদ।

বিবৃতিতে আরও বলা হয়, উপরোক্ত বিষয়গুলোর প্রতিবাদে এবং হল প্রভোস্টের এমন কার্যক্রমের প্রতি তীব্র নিন্দা ও অসন্তোষ জানিয়ে আলাওল হল ছাত্র সংসদ নির্ধারিত সভা বয়কটের ঘোষণা দিয়েছে।

ছাত্র সংসদ জানিয়েছে, শিক্ষার্থীদের ন্যায্য অধিকার ও মর্যাদা রক্ষায় তারা ভবিষ্যতেও সোচ্চার থাকবে।

অভিযোগের বিষয়ে আলাওল হল ছাত্র সংসদের সাধারণ সম্পাদক নূরনবী হাসান বলেন, “বিবৃতিতে দেওয়া অভিযোগগুলো আমাদের ছাত্র সংসদের পক্ষ থেকে সম্মিলিত অভিযোগ। গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে আমরা পরবর্তীতে কর্মসূচি গ্রহণ করব।”

আশরাফুল ইসলাম ইসলাম বলেন, “উনি (অভিযুক্ত প্রভোস্ট) চেষ্টা করেন ছাত্রপ্রতিনিধিদের মধ্যে এবং শিক্ষার্থীদের মধ্যে ঝামেলা তৈরি করার। একজন প্রভোস্ট হিসেবে উনি এসব করতে পারেন না। এছাড়া উনি হল সংসদকে কোনোভাবে সাহায্য করতে চান না।”