নোয়াখালীতে মাদক ও কিশোর অপরাধ রোধে সচেতনতা সভা

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৪১ | অনলাইন সংস্করণ

  নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সোনাইমুড়ী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোনাইমুড়ী পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ডাক্তার জালাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাইমুড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির আহমেদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সভাপতি ডাক্তার শাহ আলম, সাবেক সভাপতি মোহাম্মদ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, যুবদল নেতা মোহাম্মদ জুয়েল, আমির হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সভায় বক্তারা বলেন, মাদকাসক্তি, কিশোর অপরাধ এবং স্মার্টফোনের অপব্যবহার বর্তমানে সমাজের জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে। এসব অপরাধ থেকে তরুণ ও কিশোরদের দূরে রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি এবং সমাজের সচেতন মানুষকে একযোগে কাজ করতে হবে।

প্রধান অতিথি সোনাইমুড়ী মডেল থানার কর্মকর্তা কবির আহমেদ মাদক ও কিশোর অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, সমাজকে মাদকমুক্ত ও নিরাপদ রাখতে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি অপরাধের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

সভায় মাদককে ‘না’ বলার আহ্বান জানিয়ে কিশোর অপরাধ প্রতিরোধ এবং স্মার্টফোনের সঠিক ব্যবহার নিশ্চিত করতে সকলের প্রতি আহ্বান জানানো হয়।

আয়োজকরা জানান, একটি সুন্দর, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়তে ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।