অল্পদিনের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে: ত্রাণমন্ত্রী
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২২:০২ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, তিস্তা এখন মরুভূমিতে পরিণত হয়েছে। অল্পদিনের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে। পার্শ্ববর্তী দেশের পানি বৈষম্যের কারণে তিস্তা নদী শুকিয়ে গেছে।
বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জের এনায়েতপুরে গবাদিপশু আশ্রয়কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ত্রাণমন্ত্রী বলেন, তিস্তা নদী নিয়ে দীর্ঘদিন আন্দোলন করেছি। বর্তমান প্রধানমন্ত্রী সুদূর লন্ডন থেকে এ আন্দোলনে সম্পৃক্ত হয়েছিলেন। প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন, বিএনপি ম্যান্ডেট পেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এ কাজের নকশা ইতিমধ্যেই তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, যমুনার চরাঞ্চলে বন্যায় মানুষ এখন অসহায় হয়ে পড়ে। তাদের জীবন ও গবাদিপশু নিয়ে বিপাকে পড়তে হয়। এ পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে চরাঞ্চলে গবাদিপশুর আশ্রয়কেন্দ্র তৈরি করা হচ্ছে। এতে গবাদিপশু ও মানুষ আশ্রয় নিতে পারবে।
এ সময় স্থানীয় এমপি আমিরুল ইসলাম খান আলিম, জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু ও দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে, বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেলকুচির সোহাগপুর উচ্চবিদ্যালয়ে সমাবেশ শেষে বর্ণাঢ্য র্যালি বের হয়।
