ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

দর্শনায় ব্যবসায়ীর অফিসে ভাঙচুর-লুটপাট, ২১ জনের নামে মামলা

দর্শনায় ব্যবসায়ীর অফিসে ভাঙচুর-লুটপাট, ২১ জনের নামে মামলা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় আওয়ামী লীগ নেতা ও সিএন্ডএফ ব্যবসায়ী রফিকুল ইসলামের অফিসে ভাঙচুর ও লুটপাটের অভিযোগে স্থানীয় যুবদল ও ছাত্রদলের দুই নেতাকে কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

এ ঘটনায় গ্রেফতার যুবদল নেতা রকিবুল ইসলাম ব্রাইটকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল। একই ঘটনায় ২১ জনের নাম উল্লেখ করে দর্শনা থানায় সন্ত্রাস দমন ও চাঁদাবাজির মামলা করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী রফিকুল ইসলাম।

গ্রেফতার দুজন হলেন দর্শনা থানা যুবদলের সদস্য রকিবুল ইসলাম ব্রাইট ও কলেজ ছাত্রদল নেতা মোহাম্মদ অমিন।

ব্যবসায়ী রফিকুল ইসলামের অভিযোগ, সম্প্রতি আমদানিকৃত পাথরের চালানের পণ্য খালাসের একটি কাজ নিয়ে আরেক সিএন্ডএফ এজেন্ট মোহাম্মদ রায়হানের সঙ্গে তার ব্যবসায়িক বিরোধ সৃষ্টি হয়। এই বিরোধকে কেন্দ্র করে একটি চক্র তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে।

তিনি জানান, বৃহস্পতিবার রাতেও তাকে ফোন করে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। পরদিন শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে টাকা না দিলে তার অফিসে ভাঙচুর ও লুটপাট চালানোর হুমকি দেওয়া হয়। এর কিছুক্ষণ পর শুক্রবার দুপুরে দর্শনা রেলগেট এলাকায় তার অফিসে লাঠিসোটা নিয়ে একদল লোক হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি।

রফিকুল ইসলামের দাবি, হামলাকারীরা অফিসে ভাঙচুর চালিয়ে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র, ফটোকপি মেশিনসহ বিভিন্ন আসবাবপত্র ক্ষতিগ্রস্ত করে। এ সময় তার কক্ষে প্রবেশের জন্য দরজা ভাঙারও চেষ্টা করা হয়। অফিসে থাকা ২৩ লাখ ৩০ হাজার টাকা নগদ অর্থ এবং স্বাক্ষর করা দুটি ব্যাংক চেকও লুট করা হয়েছে বলে দাবি করেন তিনি।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে প্রথমে চারজনকে থানা হেফাজতে নেওয়া হয়। পরে ভুক্তভোগী ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে যুবদল নেতা ব্রাইট ও ছাত্রদল নেতা অমিনকে আটক দেখানো হয়।

এ ঘটনায় রাতে ২১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করে সন্ত্রাস দমন ও চাঁদাবাজির মামলা করা হয়।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, গ্রেফতার দুইজনের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।

এদিকে শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূইয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে রাকিবুল হাসান ব্রাইটকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নৈতিক স্খলনজনিত অপরাধের অভিযোগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে দর্শনা পৌর যুবদলের প্রাথমিক সদস্য পদসহ দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীকে বহিষ্কৃত ওই নেতার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের সিদ্ধান্ত অনুযায়ী এ বহিষ্কারাদেশ কার্যকর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

মামলা,ভাঙচুর-লুটপাট,ব্যবসায়ীর অফিস,দর্শনা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত