বাহারমর্দনে সাবেক অর্থমন্ত্রীর ১৭তম শাহাদাৎ বার্ষিকী পালিত
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৭ | অনলাইন সংস্করণ
মৌলভীবাজার প্রতিনিধি

বাংলাদেশ সরকারের সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এবং বরেণ্য রাজনীতিবিদ মরহুম এম সাইফুর রহমানের ১৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে সাইফুর রহমান স্মৃতি পরিষদ ও মরহুমের পরিবারের পক্ষ থেকে তার গ্রামের বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দনে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
এ সময় কোরআন খতম ও মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে মিলাদ, দোয়া ও শিরণী বিতরণ করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হুইপ জি কে গউছ, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম. নাসের রহমান, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন, জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান মিজান, সদর উপজেলা বিএনপির সভাপতি মো. মুজিবুর রহমান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মারুফ আহমদ, পৌর বিএনপির সভাপতি মো. অলিউর রহমান, সাধারণ সম্পাদক মনোয়ার আহমদ রহমানসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা এবং জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মিলাদ ও দোয়া মাহফিলে মরহুম এম সাইফুর রহমানের রাজনৈতিক ও সামাজিক জীবনের বিভিন্ন দিক স্মরণ করা হয়। পরে তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০০৯ সালের ৫ সেপ্টেম্বর এম সাইফুর রহমান মৌলভীবাজারের নিজ বাড়ি বাহারমর্দন থেকে ঢাকায় যাওয়ার সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার ঢাকা-সিলেট মহাসড়কের খড়িয়ালা নামক স্থানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পানিতে ডুবে শাহাদত বরণ করেন।
