টাঙ্গাইলে ব্রিজের ঢালু অংশে দুর্ঘটনা, ঠেলাগাড়িচালক নিহত

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩২ | অনলাইন সংস্করণ

  টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের কালিহাতীতে ব্রিজ থেকে নামার সময় লাকড়িবোঝাই ঠেলাগাড়ি উল্টে আলমাস আলী (৫০) নামে এক চালক নিহত হয়েছেন। নিহত আলমাস আলী সখীপুর উপজেলার আমতৈল গ্রামের বাসিন্দা।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার নাগবাড়ী ইউনিয়নের রতনগঞ্জ বাজারসংলগ্ন ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, জমি অধিগ্রহণ সংক্রান্ত মামলা জটিলতার কারণে দীর্ঘদিন ধরে রতনগঞ্জ বাজারের নতুন ব্রিজের নির্মাণকাজ বন্ধ রয়েছে। বর্তমানে পাশের পুরোনো ব্রিজের আংশিক ঢালু অংশ দিয়ে যানবাহন চলাচল করছে।

শনিবার সকালে আলমাস আলী লাকড়িবোঝাই ঠেলাগাড়ি নিয়ে লাকড়ি বিক্রির উদ্দেশ্যে রতনগঞ্জ বাজারে যাচ্ছিলেন। ব্রিজ দিয়ে নামার সময় হঠাৎ ঠেলাগাড়িটি উল্টে গেলে তিনি এর নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে নতুন ব্রিজের নির্মাণকাজ বন্ধ থাকায় ঝুঁকিপূর্ণ পুরোনো ব্রিজের ঢালু অংশ দিয়ে ঠেলাগাড়িসহ বিভিন্ন যানবাহন চলাচল করছে। এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।

এ বিষয়ে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী জানান, বিষয়টি তিনি শুনেছেন। ঘটনাস্থলটি সখীপুর থানার অন্তর্গত। তবুও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।