
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেছেন, পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা প্রত্যেক মানুষের নৈতিক দায়িত্ব। এ দায়িত্ববোধ থেকেই সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সকলে মিলে কাজ করলে পরিবেশ সুন্দর রাখার পাশাপাশি ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ থেকে বাঁচা সম্ভব। তাই এ বিষয়ে সবাইকে সচেতনতা বাড়াতে হবে।
ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ, জলাবদ্ধতা নিরসন এবং পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযানে তিনি এসব কথা বলেন।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
এ সময় সরকারি দপ্তর থেকে প্রতিটি প্রতিষ্ঠানে সচেতনতামূলক আলোচনা ও পোস্টারিং করা হয়। পাশাপাশি আশপাশের এলাকায় জমে থাকা পানি নিষ্কাশন এবং ময়লা-আবর্জনা অপসারণ কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় উপজেলা প্রশাসনের কর্মচারী, কর্মকর্তা ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন জানান, অভিযানের মূল উদ্দেশ্য হলো সকলের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা। পাশাপাশি পরিবেশ সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে সবাইকে উদ্বুদ্ধ করা।
তিনি আরও জানান, পরিচ্ছন্নতা কার্যক্রমটি ধারাবাহিকভাবে চলবে। প্রতিটি দপ্তর থেকে শুরু করে প্রতিটি লোকালয়কে এ পরিচ্ছন্নতা কার্যক্রমের আওতায় আনা হবে।