বালুয়াকান্দির উন্নয়নে মানুষের পাশে নাজিম লাভলু
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১:২০ | অনলাইন সংস্করণ
মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের মানুষের কল্যাণ ও এলাকার উন্নয়নকে সামনে রেখে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন মো. নাজিম লাভলু। তিনি আসন্ন বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সাধারণ মানুষের পাশে থেকে ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
বালুয়াকান্দি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে রাস্তাঘাটের উন্নয়ন, মসজিদ-মাদ্রাসার উন্নয়নসহ ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের বিভিন্ন উন্নয়নমূলক কাজে নাজিম লাভলুর সম্পৃক্ততা স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।
ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের মানুষের সঙ্গে যোগাযোগ রেখে তাদের সমস্যা ও প্রয়োজনের কথা শুনে তা সমাধানে সহযোগিতার চেষ্টা করে যাচ্ছেন তিনি।
স্থানীয়দের মতে, একটি এলাকার সামগ্রিক উন্নয়নের জন্য যোগাযোগব্যবস্থার উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়টি বিবেচনায় রেখে বালুয়াকান্দি ইউনিয়নের বিভিন্ন এলাকায় রাস্তাঘাটের উন্নয়ন ও সংস্কারের কাজে নাজিম লাভলুর উদ্যোগ ও সহযোগিতা সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে।
একইসঙ্গে মসজিদ, মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নেও তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এসব প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন, প্রয়োজনীয় সংস্কার এবং বিভিন্ন সামাজিক-ধর্মীয় কার্যক্রমে সহযোগিতার মাধ্যমে তিনি এলাকার মানুষের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলেছেন।
নাজিম লাভলু বলেন, “বালুয়াকান্দি ইউনিয়ন আমার নিজের এলাকা। এই এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এবং এলাকার উন্নয়নে কাজ করাই আমার মূল লক্ষ্য। ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মাদ্রাসা ও সামাজিক অবকাঠামোর উন্নয়নে সমন্বিতভাবে কাজ করতে চাই। জনগণের সহযোগিতা ও ভালোবাসা নিয়ে বালুয়াকান্দিকে একটি সুন্দর, আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই।”
তিনি আরও বলেন, উন্নয়ন শুধু অবকাঠামোর মধ্যে সীমাবদ্ধ নয়; মানুষের নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সম্প্রীতি ও নাগরিক সুবিধা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। চেয়ারম্যান নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে ইউনিয়নের সব শ্রেণি-পেশার মানুষের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
