ইছামতীর বুকে ৭ নৌকার প্রতিযোগিতা, দেখতে মানুষের ঢল
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২২:০০ | অনলাইন সংস্করণ
হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের হরিরামপুরে ইছামতি নদীতে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ। কাঞ্চনপুর ও বাল্লা ইউনিয়নের এলাকাবাসীর আয়োজনে শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
নৌকা বাইচে মোট সাতটি নৌকা অংশ নেয়। প্রতিযোগিতায় ঘিওর উপজেলার নকিববাড়ি, দিয়াইলের ভাই ভাই এন্টারপ্রাইজ, সোনারচান-২, গায়ান বাড়ি, গায়ান তরী, হাজারি তরীসহ বিভিন্ন নৌকা অংশগ্রহণ করে।
উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের কুশিয়ারচর এলাকা থেকে বাল্লা ইউনিয়নের খেরুপাড়া ঘাট পর্যন্ত প্রায় এক কিলোমিটারের বেশি দীর্ঘ এলাকায় বাইচের সীমানা নির্ধারণ করা হয়। এতে প্রত্যন্ত গ্রামের ছোট-বড় সাতটি ঘাসি ও খেল্লা নৌকা অংশ নেয়। প্রায় এক যুগ পর এই এলাকায় নৌকা বাইচ অনুষ্ঠিত হওয়ায় স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
নৌকা বাইচ দেখতে দুপুর থেকেই ইছামতি নদীর দুই পাড়ে বিভিন্ন বয়সী নারী-পুরুষের ভিড় জমতে থাকে। নানা রঙ ও বিচিত্র সাজে সজ্জিত নৌকা এবং মাল্লাদের অংশগ্রহণে বিকেল থেকে শুরু হওয়া বাইচ চলে সন্ধ্যা পর্যন্ত।
ঠিকারি ও কাঁশির বাদ্যের তালে নেচে-গেয়ে এবং ‘হেইও হেইও’ ধ্বনিতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নদীর দুই পাড়ে দাঁড়িয়ে থাকা দর্শনার্থীদের করতালি ও হর্ষধ্বনিতে মুখরিত হয়ে ওঠে চারপাশ। ইঞ্জিনচালিত ট্রলারসহ বিভিন্ন যানবাহনে করে দূর-দূরান্ত থেকে আসা প্রায় লক্ষাধিক দর্শনার্থী এ নৌকা বাইচ উপভোগ করেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমেদ জালান বলেন, নৌকা বাইচ গ্রাম বাংলার ঐতিহ্য। আজ প্রায় লক্ষাধিক মানুষ এই নৌকা বাইচ উপভোগ করেছেন। এটি আমাদের বাংলার ঐতিহ্য। বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সহযোগিতায় আজকের এই নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে।
কাঞ্চনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন মুসা বলেন, দীর্ঘ কয়েক বছর পর আমাদের এলাকায় ইছামতি নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত হলো। এতে দূর-দূরান্ত থেকে প্রায় লক্ষাধিক মানুষ এসে নৌকা বাইচ উপভোগ করেছেন। এটি আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির অংশ। এ আয়োজন যেন আগামী দিনেও অব্যাহত থাকে, সে জন্য আমরা চেষ্টা করে যাব।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
