ভাদাই ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় ফারুক

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৭ | অনলাইন সংস্করণ

  আরিফুর রশীদ, লালমনিরহাট

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে লালমনিরহাটের আদিতমারী উপজেলার ৬নং ভাদাই ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন ওয়ালিউর রহমান ফারুক।

স্থানীয় রাজনৈতিক অঙ্গনে পরিচিত মুখ ওয়ালিউর রহমান ফারুক ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত। দীর্ঘদিন ধরে দলীয় বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে এলাকায় নিজস্ব অবস্থান তৈরি করেছেন তিনি।

শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আদিতমারী উপজেলার রেলস্টেশন এলাকায় আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা করেন ওয়ালিউর রহমান ফারুক। বর্তমানে তিনি প্রতিষ্ঠানটির অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২০ সাল থেকে অত্যন্ত নিষ্ঠা ও সুনামের সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে প্রতিষ্ঠানটি। এ কারণে এলাকায় তাঁর জনপ্রিয়তা দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে বলে সংশ্লিষ্টরা জানান।

এছাড়াও তিনি আদিতমারী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। উচ্চশিক্ষিত ফারুক দলীয় নেতাকর্মীদের সঙ্গে সুসম্পর্ক, সততা ও সাংগঠনিক দক্ষতার কারণে সম্ভাব্য প্রার্থী হিসেবে সমর্থকদের মধ্যে ব্যাপক আলোচনায় রয়েছেন। সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভাদাই ইউনিয়নজুড়েও তাঁর ব্যাপক জনপ্রিয়তা রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন ফারুক। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে তাঁর সমর্থকরাও মাঠে সক্রিয় হয়ে উঠেছেন।

ফারুক বিভিন্ন গ্রাম ও ওয়ার্ডে গণসংযোগকালে সেবামুখী, দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ইউনিয়ন পরিষদ গঠনের প্রতিশ্রুতি দিচ্ছেন। একই সঙ্গে সাধারণ মানুষের দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকারও করছেন তিনি।

এ বিষয়ে অধ্যক্ষ ওয়ালিউর রহমান ফারুক জানান, “দলীয় সিদ্ধান্ত ও জনগণের সমর্থন পেলে আমি নির্বাচনে অংশগ্রহণ করব। নির্বাচিত হলে ভাদাই ইউনিয়নকে একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব।”