শিক্ষার প্রসারে নতুন উদ্যোগ, উদ্বোধন হলো বেলাব পাবলিক স্কুল
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১৬ | অনলাইন সংস্করণ
বেলাব (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর বেলাবে স্বেচ্ছাসেবী সংগঠন ‘চলো গড়ি বেলাব’-এর ষষ্ঠ বর্ষপূর্তি উদযাপন এবং বেলাব পাবলিক স্কুলের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে বেলাব পাবলিক স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্বেচ্ছাসেবক, শিক্ষা ও সামাজিক-মানবিক কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুলের উপস্থিত থাকার কথা থাকলেও বিদেশ সফরে থাকায় তিনি অনুষ্ঠানে যোগ দিতে পারেননি। একইভাবে অনুষ্ঠানের উদ্বোধক বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহের ভূতপূর্ব সহকারী অধ্যাপক, বিশিষ্ট শিক্ষানুরাগী, শিল্পপতি ও সমাজসেবক এনায়েতউদ্দিন মো. কায়সার খান শারীরিক অসুস্থতার কারণে উপস্থিত হতে পারেননি।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বেলাব উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আহসান হাবীব বিপ্লব। বক্তব্যে তিনি বেলাব পাবলিক স্কুলের কার্যক্রম এগিয়ে নিতে সরকারি নিবন্ধনসহ প্রয়োজনীয় সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি ‘চলো গড়ি বেলাব’ ও বেলাব পাবলিক স্কুলের সঙ্গে সংশ্লিষ্টদের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন।
স্কুলের পৃষ্ঠপোষক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক তানভীর আহমেদ বিপ্লব বলেন, বেলাবে শিক্ষার প্রসার এবং মানসম্মত শিক্ষার সুযোগ তৈরিতে বেলাব পাবলিক স্কুল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রতিষ্ঠানটির উন্নয়নে ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলাব পাবলিক স্কুলের ভূমিদাতা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. নাসির উদ্দিন ভূইয়া। তিনি প্রতিষ্ঠান পরিচালনায় সবার সহযোগিতা কামনা করেন এবং অনুষ্ঠানে অংশ নেওয়া সবাইকে ধন্যবাদ জানান।
বক্তারা বলেন, বেলাব পাবলিক স্কুলকে কেন্দ্র করে স্থানীয় শিক্ষা খাতে ইতিবাচক পরিবর্তনের সুযোগ তৈরি হয়েছে। পরিকল্পিত ও মানসম্মত শিক্ষা কার্যক্রমের মাধ্যমে প্রতিষ্ঠানটি স্থানীয় শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে। স্কুল প্রতিষ্ঠা ও পরিচালনার উদ্যোগের প্রশংসা করে তাঁরা প্রতিষ্ঠানটির অগ্রযাত্রায় স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দা তানজিনা আফরিন, বেলাব উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আতাউর রহমান বাচ্চু এবং বেলাব উপজেলা যুবদলের সভাপতি আক্তারুজ্জামান আক্তার। অনুষ্ঠান সঞ্চালনা করেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মিজানুর রহমান ভূঁইয়া।
অনুষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনা ও ভবিষ্যৎ পথচলা নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়। পরে বেলাব পাবলিক স্কুলে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে নিয়োগপত্র বিতরণ, অবসরপ্রাপ্ত শিক্ষকদের শুভেচ্ছা উপহার এবং সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অবদান রাখা স্বেচ্ছাসেবকদের সম্মাননা দেওয়া হয়। বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা গুণীজনদেরও সম্মাননা প্রদান করা হয়।
এ ছাড়া ‘চলো গড়ি বেলাব’-এর মেধা অন্বেষণ পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হয়। একজন অসচ্ছল মানুষকে স্বাবলম্বী করার লক্ষ্যে তাঁকে একটি সেলাই মেশিন উপহার দেওয়া হয়।
বক্তারা ‘চলো গড়ি বেলাব’-এর সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের পরিধি আরও বিস্তৃত করার ওপর গুরুত্ব দেন। এ সময় দেশে ও প্রবাসে থাকা দাতা সদস্য ও স্বেচ্ছাসেবকদের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। একই সঙ্গে বেলাব পাবলিক স্কুলকে বেলাবের একটি মানসম্মত ও সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজক ও সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথি, শিক্ষক, স্বেচ্ছাসেবক ও আয়োজকদের অংশগ্রহণে গ্রুপ ফটোসেশন অনুষ্ঠিত হয়। পরে ‘চলো গড়ি বেলাব’-এর ষষ্ঠ বর্ষপূর্তির কেক কাটা এবং ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
