সিরাজগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৬ আসামি গ্রেপ্তার
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৮:১৯ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে ৬ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতভর রায়গঞ্জের বিভিন্ন স্থান ও ঢাকার ডিএমপির শ্যামপুর থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ঢাকার কদমতলী উপজেলার ফরিদাবাদ গ্রামের ইমন ইবনে কবির (২২), কেরানীগঞ্জ উপজেলার বৌনকান্দি ইটভাটা গ্রামের আল আমিন সরকার (২৯), নাজিম উদ্দিন (২৫), সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সাথিয়া দিগর গ্রামের হায়দার আলী (৬০), পাঙ্গাসি গ্রামের আবু বক্কর সিদ্দিক (৫৩) ও গোয়ালপাড়া গ্রামের সুলতান মাহমুদ (৩২)।
রায়গঞ্জ থানার ওসি আহসানুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে রায়গঞ্জের বিভিন্ন স্থানে এবং ঢাকার ডিএমপির শ্যামপুর থানা এলাকায় পৃথক বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, প্রতারণা, নিয়মিত মামলা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ও হত্যা মামলার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
রায়গঞ্জ থানার ওসি আহসানুজ্জামান জানান, পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।
