রংপুরে পাঁচ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৪ | অনলাইন সংস্করণ

  রংপুর ব্যুরো

রংপুরের বদরগঞ্জে বাজার তদারকি অভিযানে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (৭ সেপ্টেম্বর) প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রি না করায় উপজেলার ১৩ নম্বর রেলগেট বাজার ও বদরগঞ্জ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রংপুর বিভাগীয় ও জেলা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত এ অভিযানে বিভিন্ন চিলিং সেন্টার, ফিড ও মাংসের দোকান পরিদর্শন করা হয়।

অভিযানে রংপুর ডেইরি প্রোডাক্টকে ২৫ হাজার টাকা, প্রাণ ডেইরিকে ১০ হাজার টাকা, মা ট্রেডার্সকে ৭ হাজার টাকা, আবওয়া বাণিজ্য ভান্ডারকে ৬ হাজার টাকা এবং হবিবর গোস্ত ঘরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। আরোপিত মোট ৫০ হাজার টাকা জরিমানা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম, রংপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান, বদরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, রংপুর জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম বলেন, জনস্বার্থে এ ধরনের বাজার তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।