‘মাদকের বিষয়ে জিরো টলারেন্স, সম্পৃক্ত কাউকে ছাড় নয়’
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫০ | অনলাইন সংস্করণ
চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর সদর উপজেলার ১০ নম্বর লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে মাদকবিরোধী আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের আয়োজনে ১০ নম্বর লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে এ মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. ফয়েজ আহমেদ। বক্তব্যে তিনি বলেন, ‘মাদক একটি সামাজিক ব্যাধি। মাদক সকল অপরাধের প্রধান কারণ। বর্তমানে মাদক পরিবার, সমাজসহ সর্বক্ষেত্রে ছড়িয়ে পড়েছে। মাদকের বিষয়ে জিরো টলারেন্স, এর সঙ্গে সম্পৃক্ত কাউকে ছাড় দেওয়া হবে না।’
তিনি আরও বলেন, ‘মাদক ব্যবসায়ী, সেবনকারী, কারবারি কাউকে মাদকসহ পেলে আপনারা তাকে আটকে রাখবেন, তারপর আমাদের জানাবেন। তবে কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। মাদকের বিষয়ে স্থানীয়দের জোরালো ভূমিকা রাখতে হবে। মাদকের বিরুদ্ধে এমপি শেখ ফরিদ আহমেদ মানিক মহোদয়ের জিরো টলারেন্স। চাঁদপুর সদরের ১৪টি ইউনিয়নের মধ্যে লক্ষ্মীপুর ইউনিয়ন সবচেয়ে বড়। আপনাদের সকলের সহযোগিতায় লক্ষ্মীপুর ইউনিয়নকে মাদকমুক্ত করা হবে।’
ওসি মো. ফয়েজ আহমেদ বলেন, ‘মসজিদের ইমামরা জুমার নামাজে মাদক, ইভটিজিংসহ সামাজিক ব্যাধিগুলো সম্পর্কে আলোচনা পেশ করবেন। মাদক নির্মূলে আপনারা সকলে আমাদের সহযোগিতা করবেন। আমাদের জনবল সংকট আছে। আপনারা সব সময় আমাদের সহযোগিতা করবেন। তাহলেই আমরা মাদক, ইভটিজিংসহ সামাজিক অপরাধগুলো সমাজ থেকে দূর করতে পারব।’
বিট পুলিশিং ও চাঁদপুর সদর মডেল থানার এসআই আব্দুর রশিদের সভাপতিত্বে এবং ইউনিয়ন যুবদলের সভাপতি মো. নুরুল ইসলাম পাটওয়ারীর পরিচালনায় সভায় বক্তব্য দেন প্রধান বক্তা চাঁদপুর সদর মডেল থানার সেকেন্ড অফিসার ফেরদৌস নুর।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নুরুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক মো. শহীদ বেপারী, সিনিয়র সহ-সভাপতি মো. সুমন আহমেদ ভূঁইয়া, জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মো. জাকির মৃধা, ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মো. নাছির আহমেদ খান, সাংগঠনিক সম্পাদক মো. দাদুন মিয়া, সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সোহেল মৃধা, মো. ফয়েজ আহমেদ এবং ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ বেপারী।
আলোচনা সভা শেষে একটি মাদকবিরোধী র্যালি বের করা হয়। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা।
