বোয়ালমারীতে পুকুরে গোসল করতে গিয়ে কিশোরের মৃত্যু

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২১:০১ | অনলাইন সংস্করণ

  বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরে গোসল করতে গিয়ে রাহুল বিশ্বাস (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত রাহুল পৌরসভার আধারকোঠা এলাকার কামাল হোসেনের ছেলে।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টা ১০ মিনিটের দিকে বোয়ালমারী পৌরসভার স্টেডিয়াম মাঠের পাশের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার বেলা ১১টার দিকে বৃষ্টিতে ভিজে বাড়ি থেকে বের হয় রাহুল। দীর্ঘ সময় বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে তারা জানতে পারেন, রাহুল স্টেডিয়াম মাঠের পাশের পুকুরে বৃষ্টির মধ্যে গোসল করতে নেমেছিল।

পরে স্থানীয় লোকজন পুকুরে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বিকেল ৪টার দিকে পুকুর থেকে রাহুলের মরদেহ উদ্ধার করা হয়।

বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) সাইদুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।