মির্জাগঞ্জে সাক্ষরতা বাড়াতে সামাজিক আন্দোলনের আহ্বান

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০৬ | অনলাইন সংস্করণ

  মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

‘মানুষ, পৃথিবী এবং সমৃদ্ধির জন্য সাক্ষরতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর মির্জাগঞ্জে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ পালিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ কমপ্লেক্সের সম্প্রসারিত ভবনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো যৌথভাবে এ সভার আয়োজন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেলের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল মুন্সি এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মজিবুর রহমান।

এছাড়া সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহসানউল্লাহ পিন্টু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুন্সি প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি এবং উপানুষ্ঠানিক শিক্ষার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ‘মানুষ, পৃথিবী এবং সমৃদ্ধির জন্য সাক্ষরতা’—এই প্রতিপাদ্য বাস্তবায়নে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। সাক্ষরতা শুধু অক্ষরজ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি একটি জাতির উন্নয়ন, পরিবেশ সচেতনতা ও টেকসই সমৃদ্ধির অন্যতম ভিত্তি। নিরক্ষরতা দূরীকরণে সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তারা।

সভাপতির বক্তব্যে ইউএনও শেখ মো. রাসেল বলেন, একটি স্মার্ট বাংলাদেশ গড়তে হলে প্রতিটি নাগরিককে শিক্ষিত ও দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে। উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম আরও বেগবান করে ঝরে পড়া শিশু ও বয়স্কদের সাক্ষরতার আওতায় আনতে উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে।

আলোচনা সভা শেষে উপানুষ্ঠানিক শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।