ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১৩ | অনলাইন সংস্করণ
ফরিদপুর প্রতিনিধি

প্রাচীন ও গুরুত্বপূর্ণ জেলা শহর ফরিদপুরকে আধুনিক নগর হিসেবে গড়ে তুলতে পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার সম্ভাব্যতা যাচাই এবং প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় সরকার বিভাগকে নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
একই সঙ্গে এ বিষয়ে গৃহীত কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন পাঠাতেও বলা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৩০ আগস্ট প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে স্থানীয় সরকার বিভাগে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
এর আগে ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেন। আবেদনে তিনি ফরিদপুরের বর্তমান নগর বাস্তবতা, জনসংখ্যা বৃদ্ধি, দ্রুত নগরায়ণ এবং নাগরিক সেবার ক্রমবর্ধমান চাহিদার বিষয়টি তুলে ধরেন।
আবেদনে বলা হয়, ফরিদপুর একটি প্রাচীন ও ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ জেলা শহর। সময়ের সঙ্গে শহরের জনসংখ্যা ও নাগরিক পরিসর উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফলে বর্তমান পৌরসভা কাঠামোর মাধ্যমে ক্রমবর্ধমান নগরবাসীর প্রত্যাশিত ও আধুনিক নাগরিক সেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ছে।
চিঠিতে ফরিদপুর পৌরসভার আয়তন ও ওয়ার্ডসংখ্যা বৃদ্ধির বিষয়টিও উল্লেখ করা হয়। এতে বলা হয়, একসময় পৌরসভার আয়তন ছিল ১৭ দশমিক ৩৮ বর্গকিলোমিটার এবং ওয়ার্ড ছিল ৯টি। বর্তমানে আয়তন বেড়ে ৬৬ দশমিক ৫৪ বর্গকিলোমিটার এবং ওয়ার্ড সংখ্যা বেড়ে ২৭টিতে দাঁড়িয়েছে। অর্থাৎ পৌরসভার সেবা কার্যক্রমের পরিধি আগের তুলনায় অনেক বিস্তৃত হয়েছে।
আবেদনে আরও উল্লেখ করা হয়, পৌরবাসী বিভিন্ন ক্ষেত্রে সিটি কর্পোরেশনের সমপর্যায়ের কর ও বিভিন্ন ফি পরিশোধ করলেও অনেক ক্ষেত্রে সেই অনুপাতে উন্নত নাগরিক সেবা ও অবকাঠামোগত সুবিধা পাচ্ছেন না। আধুনিক নগর ব্যবস্থাপনা, বর্জ্য ব্যবস্থাপনা, সড়ক ও যোগাযোগব্যবস্থা, পানি নিষ্কাশন, পরিকল্পিত আবাসন এবং অন্যান্য নাগরিক সুবিধা নিশ্চিত করতে বৃহত্তর প্রশাসনিক কাঠামোর প্রয়োজন রয়েছে।
সংশ্লিষ্টদের মতে, ফরিদপুর পৌরসভা সিটি কর্পোরেশনে উন্নীত হলে নগর উন্নয়ন পরিকল্পনা আরও সমন্বিত ও দীর্ঘমেয়াদি করা সম্ভব হবে। পাশাপাশি আধুনিক অবকাঠামো উন্নয়ন, শিল্প-বাণিজ্যের প্রসার, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং নাগরিক সেবার মানোন্নয়নের সুযোগ তৈরি হবে।
সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ তার আবেদনে সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার মাধ্যমে ফরিদপুরকে একটি পরিকল্পিত ও আধুনিক নগর হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন। তার মতে, এর ফলে নগরবাসীর জীবনযাত্রার মান উন্নয়নের পাশাপাশি ফরিদপুরের অর্থনৈতিক কর্মকাণ্ডও আরও গতিশীল হবে।
এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনার পর ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার বিষয়টি নতুন করে গতি পেয়েছে। এখন সম্ভাব্যতা যাচাই, প্রয়োজনীয় শর্ত ও প্রশাসনিক বিষয় পর্যালোচনার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
তবে সিটি কর্পোরেশনে উন্নীত করার প্রক্রিয়ায় সংশ্লিষ্ট আইন, প্রশাসনিক কাঠামো, জনসংখ্যা, আয়তন, রাজস্ব সক্ষমতা, নগর অবকাঠামোসহ প্রয়োজনীয় বিষয়গুলো যাচাই করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। ফলে সম্ভাব্যতা যাচাইয়ের ফলাফল ও প্রশাসনিক সিদ্ধান্তের ওপরই ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার পরবর্তী কার্যক্রম নির্ভর করবে।
