পাবনায় বিএনপি নেতা হত্যার ২৪ ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৯:০৮ | অনলাইন সংস্করণ
পাবনা প্রতিনিধি

পাবনায় বিএনপি নেতা আদম আলী মোল্লাকে কুপিয়ে ও গুলি করে হত্যার ২৪ ঘণ্টার মধ্যে মামলার প্রধান আসামি ইরাদুল ইসলামকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাতে আটঘরিয়া উপজেলার গোপালপুর তাঁতিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইরাদুল ইসলাম (৫৫) উপজেলার চুটিয়াপাড়া এলাকার মৃত আব্দুলের ছেলে।
এর আগে, সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার একদন্ত ইউনিয়নের চন্দিপাশা গ্রামে আদম আলী মোল্লা (৬০) প্রকাশ্যে কুপিয়ে ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।
নিহত আদম আলী মোল্লা একদন্ত ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য ছিলেন। তিনি ওই ইউনিয়নের ষাটগাছা স্কুলপাড়ার মৃত নুরুল ইসলাম মোল্লার ছেলে।
পুলিশ জানিয়েছে, নিহত আদম আলী মোল্লার বিরুদ্ধে হত্যা, ধর্ষণ ও বিস্ফোরক আইনে অন্তত তিনটি মামলা রয়েছে।
র্যাব-১২, সিপিসি-২ পাবনার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার ডলি রানী সরকার মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে গোপালপুর তাঁতিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ইরাদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন, দুটি সিম ও নগদ ১ হাজার ৭৫০ টাকা উদ্ধার করা হয়। পরে তাকে আটঘরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, সোমবার একদন্ত বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন আদম আলী। চন্দিপাশা এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা কয়েকজন তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
আত্মরক্ষার জন্য পালানোর চেষ্টা করলে হামলাকারীরা তাকে ধাওয়া করে কুপিয়ে ও গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে আটঘরিয়া থানায় মামলা করেছেন।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল ইসলাম বলেন, র্যাবের হাতে গ্রেপ্তার ইরাদুল ইসলামকে আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্তের পর হত্যার মূল কারণ জানা যাবে।
