সিরাজগঞ্জে অতিরিক্ত দামে তেল বিক্রি, দুই প্রতিষ্ঠানের জরিমানা
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩১ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে অতিরিক্ত দামে ভোজ্যতেল বিক্রিসহ নানা অনিয়মের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ এ জরিমানা করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে শহরের বাহিরগোলা বাজারে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে মূল্য তালিকায় নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ভোজ্যতেল বিক্রি, ক্রয়-বিক্রয়ের পাকা রশিদ না থাকা এবং মূল্য তালিকা হালনাগাদ না করাসহ বিভিন্ন অনিয়মের সত্যতা পাওয়া যায়।
পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মেসার্স রিমা ট্রেডার্সের ম্যানেজার শাকির ইমাম তালুকদার এবং মেসার্স এ. রহমান ট্রেডিংয়ের ম্যানেজার শরিফুল ইসলামকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ সময় ব্যবসায়ী নেতৃবৃন্দ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
