দেবহাটার দুই বিদ্যালয়কে ‘সবুজ ও সহনশীল গ্রীন স্কুল’ ঘোষণা

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৫ | অনলাইন সংস্করণ

  দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার দেবহাটায় সুশীলনের আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে দুটি বিদ্যালয়কে সবুজ ও সহনশীল গ্রীন স্কুল ঘোষণা করা হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় দেবহাটা উপজেলার সদর ইউনিয়নের বসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ভাতশালা সম্মিলনী উচ্চ বিদ্যালয়কে গ্রীন স্কুল ঘোষণা উপলক্ষে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আমবাগান চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে. বাপ্পা, ওয়ার্ল্ড ভিশনের স্পন্সরশিপ ও চাইল্ড প্রটেকশন অফিসার পল্টন বিশ্বাস, টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আফছার আলী এবং দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউশন হাইস্কুলের সাবেক শিক্ষক গৌর চন্দ্র ঘোষ।

সুশীলনের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন ইউপি সদস্য কামাল হোসেন, সিভিএ সভাপতি ফিরোজ হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে দেবহাটা সদর ইউনিয়নের বসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ভাতশালা সম্মিলনী উচ্চ বিদ্যালয়কে গ্রীন স্কুল ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল।

এর আগে বসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে একটি সবজি বাগানের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা পরিবেশবান্ধব পরিবেশ গড়ে তোলা এবং প্রকৃতিকে সুন্দরভাবে সাজানোর লক্ষ্যে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি প্রতিটি বাড়ি ও পরিবারকে সুন্দর রাখতে প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে গাছ লাগানোর আহ্বান জানান এবং এ বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন।

এ সময় সরকার আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি হাতে নিয়েছে, তা বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।