ভূরুঙ্গামারীতে বেনামে চিকিৎসা নিতে গিয়ে মাদক কারবারি গ্রেফতার
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৮ | অনলাইন সংস্করণ
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে স্থানীয়দের হাতে ৭৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবক আটক হওয়ার পর এক ব্যক্তিকে কামড় দিয়ে পালিয়ে যাওয়া মাদক কারবারিকে বেনামে হাসপাতালে চিকিৎসা নেওয়ার সময় গ্রেফতার করেছে পুলিশ। পালানোর সময় পায়ে আঘাত পাওয়ার পর তিনি হাসপাতালে চিকিৎসা নিতে যান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙা গ্রামের এলটিবি ইটভাটা সংলগ্ন নির্জন এলাকায় অভিযান চালায় স্থানীয় জনতা।
এ সময় ৭৬ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রি ও পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ একই গ্রামের চিহ্নিত মাদক কারবারি শামীম মিয়া (৩২) ও মেহেদী হাসান (১৯)কে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
আটকের সময় স্থানীয় এক ব্যক্তিকে কামড় দিয়ে রক্তাক্ত করে শামীম মিয়া পালিয়ে যান। পালানোর সময় তিনি পায়ে আঘাত পান। এরপর তাকে গ্রেফতার করতে উপজেলার বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে খোঁজ শুরু করে পুলিশ।
অবশেষে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেনামে চিকিৎসা নেওয়ার সময় শামীম মিয়াকে গ্রেফতার করা হয়।
সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান, গ্রেফতার হওয়া দুই মাদক কারবারি পরিবহন ব্যবসার সঙ্গে জড়িত। তারা পরিবহন শ্রমিকের ছদ্মবেশে মূলত ইয়াবা ট্যাবলেট বিক্রি করতেন।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বুধবার সকালে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।
