মরা মুরগি বিক্রির চেষ্টা, বোয়ালমারীতে ব্যবসায়ীকে জরিমানা
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৩৬ | অনলাইন সংস্করণ
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারীতে মরা মুরগি বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ ও ক্রেতার কাছে বিক্রির চেষ্টার অভিযোগে বাপ্পী মোল্লা নামে এক পোল্ট্রি ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে বোয়ালমারী পৌর মাছবাজারসংলগ্ন স্বর্ণকারপট্টি সড়কের পোল্ট্রি মুরগির মার্কেটে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রকিবুল হাসান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মেসার্স আল আমিন পোল্ট্রি হাউসে একটি মরা মুরগি বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করে রাখা হয়েছিল। এক নারী ক্রেতা তিনটি মুরগি কেনার পর সেগুলো ড্রেসিং করতে দিলে দোকানের কর্মীরা জীবন্ত মুরগির পরিবর্তে আগে থেকে সংরক্ষণ করে রাখা একটি মরা মুরগি জবাই করে দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে।
পরে জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করা হলে বোয়ালমারী থানা পুলিশ বিষয়টি ভ্রাম্যমাণ আদালতকে জানায়। খবর পেয়ে আদালত ঘটনাস্থলে গিয়ে ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করেন। এ সময় উপস্থিত দুই সাক্ষীর জবানবন্দিও নেওয়া হয়।
জিজ্ঞাসাবাদে সংশ্লিষ্টরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করলে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর ২৪(১) ধারায় বাপ্পী মোল্লাকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
অভিযুক্ত বাপ্পী মোল্লার বাড়ি বোয়ালমারী পৌরসভার ছোলনা গ্রামে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে জরিমানার পাশাপাশি প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়ার বিষয়ে তাকে সতর্ক করা হয়।
এ বিষয়ে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রকিবুল হাসান বলেন, “জনস্বার্থে ভেজাল, অনিরাপদ ও অস্বাস্থ্যকর খাদ্য বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
