দর্শনা রেলবন্দরের ইয়ার্ডে অনুমতি ছাড়াই পাথর, ক্ষুব্ধ ব্যবসায়ীরা
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ১৫:২২ | অনলাইন সংস্করণ
চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলবন্দরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্টেশন মাস্টার মামুনের অনুমতিতে রেল ইয়ার্ডে পাথর রাখার অভিযোগ উঠেছে। মদিনা ট্রেডিংয়ের মালিক ও সিঅ্যান্ডএফ ব্যবসায়ী রফিকুল ইসলামের পাথর রেল ইয়ার্ডে রাখায় সচেতন মহলসহ স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে।
স্থানীয় ব্যবসায়ী সূত্রে জানা গেছে, এর আগে দর্শনা আন্তর্জাতিক রেলবন্দরের রেল ইয়ার্ডে কোনো ব্যবসায়ী পাথর রাখতে পারেননি। তবে নতুন স্টেশন মাস্টার মামুন দায়িত্ব নেওয়ার পর সরকারি অনুমতি ছাড়াই বেশ কিছুদিন ধরে ইয়ার্ডে পাথর রাখা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
তথ্য অনুসন্ধানে জানা গেছে, সরকারি রেল ইয়ার্ডে কোনো মালামাল রাখতে হলে নিয়ম অনুযায়ী প্রতি টন মাল প্রতিদিন তিন টাকা হারে রেলওয়েকে চার্জ দিতে হয়। বর্তমানে ওই রেল ইয়ার্ডে প্রায় ২ হাজার ৫০০ টন মালামাল রয়েছে। সে হিসাবে প্রতিদিন ৭ হাজার ৫০০ টাকা চার্জ দেওয়ার কথা।
অভিযোগ রয়েছে, সিঅ্যান্ডএফ ব্যবসায়ী রফিকুল ইসলাম স্টেশন মাস্টারকে ম্যানেজ করে সরকারি কোষাগারে কোনো টাকা না দিয়েই রেল ইয়ার্ড দখল করে পাথর রাখছেন। বিষয়টিকে সম্পূর্ণ অবৈধ দাবি করে ক্ষোভ প্রকাশ করেছেন সচেতন মহল ও স্থানীয় ব্যবসায়ীরা।
এ বিষয়ে সিঅ্যান্ডএফ ব্যবসায়ী রফিকুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘রেল ইয়ার্ড ফাঁকা ছিল, এ জন্য কিছু পাথর রাখা হয়েছিল। তবে সব পাথর সরিয়ে নেওয়া হচ্ছে।’
দর্শনা আন্তর্জাতিক রেলবন্দরের স্টেশন মাস্টার মামুনের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘আমি এখানে নতুন। রেল ইয়ার্ডে পাথর রাখা যাবে কি না, এটা আমার জানা ছিল না। রেল ইয়ার্ড থেকে পাথর সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ দিয়েছি। এ ধরনের ভুল আর হবে না।’
