ছেলের বিয়ের বাজার করে ফেরার পথে ট্রাকচাপায় বাবা-মায়ের মৃত্যু

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০৩ | অনলাইন সংস্করণ

  ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে ছেলের বিয়ের কেনাকাটা শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় বাবা-মায়ের মৃত্যু হয়েছে। আগামী শুক্রবার (১১ সেপ্টেম্বর) তাদের ছেলে সিয়ামের বিয়ে হওয়ার কথা ছিল। বিয়ের মাত্র দুই দিন আগে বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের মালিথাপাড়া এলাকার মৃত টুনি মালিথার ছেলে আনোয়ার মালিথা (৪০) ও তার স্ত্রী স্বপ্না খাতুন (৩৫)।

স্থানীয়রা জানান, আগামী শুক্রবার আনোয়ার মালিথার ছেলে সিয়ামের বিয়ে। এ উপলক্ষে বুধবার স্ত্রী স্বপ্না খাতুনকে সঙ্গে নিয়ে ছেলের বিয়ের কেনাকাটা করতে ঈশ্বরদী পৌর শহরে আসেন আনোয়ার। কেনাকাটা শেষে সন্ধ্যায় তারা মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশে রওনা দেন।

পৌর শহরের আলহাজ্ব মোড় এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে স্বপ্না খাতুন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় আনোয়ার মালিথাকে স্থানীয়রা উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

ছেলের বিয়ের আনন্দের প্রস্তুতির মধ্যেই মাত্র দুই দিনের ব্যবধানে বাবা-মাকে হারিয়ে পরিবারটিতে নেমে এসেছে শোকের মাতম। বিয়ের আয়োজন পরিণত হয়েছে শোকের আবহে। স্বজন ও স্থানীয়দের মধ্যেও এ ঘটনায় গভীর শোক নেমে এসেছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান জানান, দুর্ঘটনার পর নিহতদের মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। তাকে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।