মানিকগঞ্জে মিষ্টির কারখানায় অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ২২:০৩ | অনলাইন সংস্করণ
মানিকগঞ্জ প্রতিনিধি

অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও খাদ্যপণ্য সংরক্ষণে অনিয়মের অভিযোগে মানিকগঞ্জ শহরের সুইট হ্যাভেন ও মদিনা মিষ্টান্ন ভাণ্ডারকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে শহরের বেউথা ও দাশড়া এলাকায় প্রতিষ্ঠান দুটির কারখানায় অভিযান চালানো হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। তাঁর সঙ্গে ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কার্যালয়ের অফিসার মোছাঃ রৌশন আরা।
অভিযানকালে কারখানাগুলোতে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশ দেখতে পান কর্মকর্তারা। একবার ব্যবহার করা তেল পুনরায় ব্যবহার করা হচ্ছিল। এছাড়া স্বাস্থ্যবিধি না মেনে খালি গায়ে মিষ্টি তৈরির প্রমাণ পাওয়া যায়। খাদ্যপণ্য সংরক্ষণেও বিভিন্ন ধরনের অনিয়ম শনাক্ত করা হয়।
এসব অনিয়মের কারণে মদিনা মিষ্টান্ন ভাণ্ডারকে ৫০ হাজার টাকা এবং সুইট হ্যাভেনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠান দুটিকে দ্রুত পরিবেশ ও প্রয়োজনীয় কাগজপত্র ঠিক করার নির্দেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য তাদের কাছ থেকে মুচলেকাও নেওয়া হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, খাদ্যপণ্য তৈরির ক্ষেত্রে স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, ব্যবহৃত তেল পুনরায় ব্যবহার এবং খাদ্য সংরক্ষণে অনিয়মের কারণে প্রতিষ্ঠান দুটিকে জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য প্রতিষ্ঠান দুটিকে সতর্ক করা হয়েছে। একই সঙ্গে খাদ্য উৎপাদন ও সংরক্ষণে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।
