কাউখালীতে যৌথ অভিযানে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ২২:৩২ | অনলাইন সংস্করণ

  কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের কাউখালীতে পুলিশ ও র‍্যাবের বিশেষ যৌথ অভিযানে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মামুন হোসাইন ওরফে বাবলু জোমাদ্দারসহ চার দিনে মোট আট আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ৬ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া পুলিশের বিশেষ অভিযান আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

এ অভিযানে মাদক, অস্ত্র, সাজাপ্রাপ্ত ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিদের আটক করা হচ্ছে।

গ্রেপ্তারদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জেলা পরিষদের সাবেক সদস্য ও কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-স্থানীয় বিষয়ক সম্পাদক বাবলু জোমাদ্দার রয়েছেন। গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে কাউখালী থানা পুলিশ ও র‍্যাবের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। কাউখালী থানার এএসআই মহিউদ্দিন ও এসআই খায়রুল হাসানের নেতৃত্বে যৌথ দল তাকে আটক করে থানায় নিয়ে আসে।

পুলিশ জানিয়েছে, বাবলু জোমাদ্দার একটি চেক জালিয়াতি মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি। এছাড়া ২০২৪ সালে কাউখালী উপজেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় তিনি ৮ নম্বর পলাতক আসামি ছিলেন।

চলমান বিশেষ অভিযানের প্রথম চার দিনে গ্রেপ্তার হওয়া আটজনের মধ্যে তিনজন সাজাপ্রাপ্ত আসামি, তিনজন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি এবং দুজনকে মাদকসহ গ্রেপ্তার করা হয়েছে। মাদকসহ গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের আইনি প্রক্রিয়া শেষে পিরোজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, গত ৬ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া বিশেষ অভিযান আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে। কাউখালীকে মাদক, অস্ত্র ও সন্ত্রাসমুক্ত রাখতে পুলিশের এ ধরনের আইনগত পদক্ষেপ ভবিষ্যতেও চলমান থাকবে।