তালায় এক বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বাল্যবিবাহ, প্রশাসনের নিষেধাজ্ঞা

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১২ | অনলাইন সংস্করণ

  সাতক্ষীরা প্রতিনিধি

যে বয়সে বই-খাতা নিয়ে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে থাকার কথা, সেই বয়সেই সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৯ম ও ১০ম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিবাহের অভিযোগ উঠেছে।

বিষয়টি প্রশাসনের নজরে আসার পর সংশ্লিষ্ট ছাত্রীদের অভিভাবকদের ডেকে সতর্ক করা হয়েছে। একই সঙ্গে বাল্যবিবাহের ওপর নিষেধাজ্ঞা জারি করে ছাত্রীদের বিদ্যালয়ে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সংশ্লিষ্ট ছাত্রী ও তাদের অভিভাবকদের উপস্থিত করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা তাদের সঙ্গে কথা বলেন এবং বাল্যবিবাহের বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাস, জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান, তালা থানার এসআই তৌহিদুজ্জামান, ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তালেবসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার জানান, ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৯ম ও ১০ম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিবাহের বিষয়টি প্রশাসনের নজরে আসে। এর মধ্যে ১১ জন ছাত্রী ও তাদের অভিভাবককে নোটিশ দেওয়া হয়েছে। বাকি দুজনের নোটিশ প্রদানের প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, নোটিশের পর নির্ধারিত সময়ে আটজন ছাত্রীসহ ১১ জনের অভিভাবক উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হন। পরে তাদের সঙ্গে কথা বলে বাল্যবিবাহের বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়।

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণা বিষয়টি নিশ্চিত করে জানান, একই প্রতিষ্ঠানের ১৩ ছাত্রীর বাল্যবিবাহের বিষয়ে তাদের বাবা-মাকে ডেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আপাতত তারা যেন সংসারে ফিরে না গিয়ে বিদ্যালয়ে ফিরে আসে, সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষক ও সংশ্লিষ্ট দায়িত্বশীলদের ছাত্রীদের বিষয়ে আরও সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে।