গবাদি পশু পালনে দুঃস্থরা আত্মনির্ভরশীল হবে: প্রতিমন্ত্রী টুকু

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬, ১৮:২০ | অনলাইন সংস্করণ

  টাঙ্গাইল প্রতিনিধি

গবাদি পশু পালনের মাধ্যমে অর্জিত আয় দিয়ে অসহায় ও দুঃস্থ পরিবারগুলো ধীরে ধীরে আত্মনির্ভরশীল হয়ে গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার গালা বাজারে শাপলা ইউনিভার্সাল সোসাইটির উদ্যোগে আয়োজিত দুঃস্থ ও অসহায় পরিবারের মধ্যে ছাগল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকার ইতিমধ্যে প্রতিটি ইউনিয়নে গবাদি পশুর চিকিৎসাসেবা নিশ্চিত করতে ভেটেরিনারি চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এসব চিকিৎসক প্রান্তিক পর্যায়ের প্রতিটি পরিবারের গবাদি পশু সুস্থ ও সবল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

শাপলা ইউনিভার্সাল সোসাইটির এ উদ্যোগের প্রশংসা করে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, সমাজের বিত্তবানরা যদি এভাবে অসহায় ও দুঃস্থ মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে এগিয়ে আসেন, তাহলে এ দেশের মানুষ আত্মনির্ভরশীল জাতি হিসেবে বিশ্বের দরবারে নিজেদের স্থান করে নিতে পারবে।

শাপলা ইউনিভার্সাল সোসাইটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আলী হোসেনের সভাপতিত্বে এবং নির্বাহী পরিচালক আমির হোসেন বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আজগর আলী, টাঙ্গাইল জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি মো. শফিকুর রহমান খান প্রমুখ।

অনুষ্ঠানে শাপলা ইউনিভার্সাল সোসাইটির অর্থায়নে প্রতিমন্ত্রী ২৫টি অসহায় পরিবারের মধ্যে ছাগল বিতরণ করেন।