হরিরামপুরের চরাঞ্চলে ৪০ বছর পর ফুটবল টুর্নামেন্ট

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ১৫:২৯ | অনলাইন সংস্করণ

  হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার চরাঞ্চলের সুতালড়ী ইউনিয়নে প্রায় ৪০ বছর পর ‘শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার অনুষ্ঠিত ফাইনালে টাইব্রেকারে ৩-০ গোলে নতুনগ্রাম একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভাই ভাই একাদশ।

নির্ধারিত সময়ে দুই দলের খেলা ১-১ গোলে সমতায় শেষ হলে ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। পরে টাইব্রেকারে ৩-০ গোলের ব্যবধানে জয় পায় ভাই ভাই একাদশ।

স্থানীয় তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।

ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন সুতালড়ী ইউনিয়ন যুবদলের সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী হায়দার খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ রাজু ইসলাম।

প্রধান অতিথি হায়দার খান বলেন, তরুণদের জন্য ভবিষ্যতে আরও বড় পরিসরে খেলাধুলার আয়োজন করা হবে।

আয়োজকেরা বলেন, খেলাধুলা তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখার পাশাপাশি সামাজিক বন্ধন সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।