‘ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ পাচ্ছেন কাউখালীর শিক্ষার্থী কানিজ ফাতিমা

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৩৪ | অনলাইন সংস্করণ

  কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত বিএসসি (অনার্স) গণিত বিভাগের পরীক্ষায় অসামান্য ও কৃতিত্বপূর্ণ ফলাফল (সিজিপিএ ৩.৯৭) অর্জন করায় সম্মানজনক ‘ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ এবং বিশেষ শিক্ষাবৃত্তির জন্য মনোনীত হয়েছেন পিরোজপুরের কাউখালী উপজেলার কৃতি শিক্ষার্থী কানিজ ফাতিমা।

কানিজ ফাতিমা বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের গণিত বিভাগ থেকে (সেশন ২০১৯-২০, পরীক্ষার বছর ২০২৩) গ্রাজুয়েশন সম্পন্ন করে এ অনন্য গৌরব অর্জন করেন।

আগামী ১৫ সেপ্টেম্বর সকাল ১১টায় ঢাকার সেগুনবাগিচাস্থ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে বিশেষ পুরস্কার ও প্রণোদনা অর্থ তুলে দেওয়া হবে। অনুষ্ঠানে কানিজ ফাতিমার সঙ্গে অভিভাবক হিসেবে উপস্থিত থাকবেন তার বাবা।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জনাব মাহাদী আমিন এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব জনাব আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী।

কানিজ ফাতিমা পিরোজপুরের কাউখালী উপজেলার ৫নং শিয়ালকাঠী ইউনিয়নের সন্তান। তার বাবা এ. এল. এম. জিয়াউল আহাসান (বাচ্চু মোল্লা) এবং মা রওশন জাহান। চার বোনের মধ্যে কানিজ ফাতিমা সবার বড়।

শিক্ষাজীবনের শুরু থেকেই তিনি অত্যন্ত মেধাবী ছিলেন। উন্নত মানের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ার সুযোগ না পেলেও জোলাগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তার শিক্ষাজীবন শুরু হয়। পরে ২০১৭ সালে জোলাগাতী মুসলিম আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৪.৯৫ পেয়ে এসএসসি এবং ২০১৯ সালে পিরোজপুর সরকারি মহিলা কলেজ থেকে জিপিএ ৫.০০ পেয়ে এইচএসসি পাস করেন। এরপর বরিশাল সরকারি বিএম কলেজের গণিত বিভাগ থেকে সিজিপিএ ৩.৯৭ পেয়ে অনার্সে এই অসাধারণ কৃতিত্ব অর্জন করেন।

এ বিষয়ে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাইসুল ইসলাম বলেন, “কানিজ ফাতিমা আমাদের গর্ব। তার এই অর্জন কাউখালীর শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। সে প্রমাণ করেছে, প্রত্যন্ত অঞ্চল থেকেও সদিচ্ছা ও অধ্যবসায় থাকলে সাফল্য অর্জন করা সম্ভব।” তিনি কানিজ ফাতিমার উজ্জ্বল ভবিষ্যৎ ও দীর্ঘায়ু কামনা করেন।

কানিজ ফাতিমার এই অসামান্য অর্জনে ৫নং শিয়ালকাঠী ইউনিয়নসহ সমগ্র কাউখালী উপজেলায় আনন্দের জোয়ার বইছে।

জোলাগাতী মুসলিম আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, পরিচালনা পর্ষদ, সাবেক ও বর্তমান শিক্ষার্থী পরিবার এবং কাউখালী প্রেস ক্লাব ও গ্রিন ফোর্স বাংলাদেশের পক্ষ থেকে কানিজ ফাতিমা ও তার পরিবারকে লাল গোলাপের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে।