কিশোরগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫১ | অনলাইন সংস্করণ

  কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের করিমগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মোকাররম (৩০) ও শাহ আলম (৩৫) নামে দুই যুবক নিহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার চং নোয়াগাঁও হাওরে এ ঘটনা ঘটে।

নিহত মোকাররম চং নোয়াগাঁও গ্রামের নজরুল ইসলামের ছেলে এবং শাহ আলম একই গ্রামের ইসহাক মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, সকালে মোকাররম ও শাহ আলম একসঙ্গে বাড়ির পাশের হাওরে মাছ ধরতে যান। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে বজ্রাঘাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

আবহাওয়া বৈরী থাকায় অনেক সময় পেরিয়ে গেলেও তারা বাড়িতে ফিরে না আসায় স্বজনরা খোঁজ নিতে হাওরে যান। পরে হাওরের হাঁটুপানি থেকে তাদের মরদেহ দেখতে পান স্বজনরা। বিষয়টি পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে পুলিশ যায়।

স্থানীয়রা আরও জানান, নিহত মোকাররম ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করতেন। এবার গ্রামের বাড়িতে এসে তিনি বিয়ে করেছিলেন। অপর নিহত শাহ আলম ধানের নৌকায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোয়েব খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে দুইজন নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।