মাগুরায় দুই পক্ষের সংঘর্ষ, ৩০ বাড়িঘরে ভাঙচুর-লুটপাট
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ২১:০০ | অনলাইন সংস্করণ
মাগুরা প্রতিনিধি

মাগুরার শ্রীপুর উপজেলার আমতৈল ও নহাটা গ্রামে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের অন্তত ৩০টি বাড়িঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। সংঘর্ষে পাঁচজন মারাত্মক আহত হয়েছেন।
আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আমতৈল-নহাটা গ্রামে দীর্ঘদিন ধরে সামাজিক ও দলীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আমতৈল গ্রামের স্থানীয় বিএনপি নেতা লিপটন মিয়া ও নহাটা গ্রামের ইউপি সদস্য সোহেল বিশ্বাস বাবুর সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে শুক্রবার রাতে উভয় পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
মুহূর্তের মধ্যে সংঘর্ষ পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। এ সময় সোহেল বিশ্বাস বাবুর সমর্থক মিলন শেখ, ইলিয়াস শেখ, চাঁদ আলী, আনিস, তৌহিদুর রহমান, আজম বিশ্বাস, আলাম, সোহেল, আমির আলী, আদারে, আলম শেখ, আক্তার, তারিকুল, এনামুল বিশ্বাস, তারিকুল বিশ্বাস, শরিফুল মৃধা, নবিয়াল মৃধা ও রাব্বী বিশ্বাস এবং লিপটন মিয়া সমর্থক জামাল, ওহিদুল ইসলাম, সুমা, উজ্জ্বল, আতিয়ার, মসিয়াল ও মকিদ ঝন্টুসহ উভয় পক্ষের অন্তত ৩০টি বাড়িঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়।
এ ছাড়া সংঘর্ষে সোহেল বিশ্বাস বাবুর সমর্থক আজম (৫০), ইখলাস (৪৫), ওবাইদুল মোল্যা (৩৫), সোহান শিকদার (৩৩) ও নান্নু শেখ (৩২) মারাত্মক আহত হয়েছেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওলি মিয়া জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। ভাঙচুর ও লুটপাটের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশি টহল জোরদার করা হয়েছে।
তিনি আরও জানান, এখনো কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
