সিরাজগঞ্জে দুর্ধর্ষ চুরির ঘটনায় গ্রেপ্তার ১, স্বর্ণালংকার উদ্ধার
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ২১:২১ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ পৌর এলাকার নতুন ভাঙ্গাবাড়ি মহল্লায় দুর্ধর্ষ চুরির ঘটনায় নগদ টাকা ও স্বর্ণালংকারসহ সুফিয়ান ওরফে সবুজকে (৩৯) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সদর উপজেলার ফুলকোচা গ্রামের আ. সালামের ছেলে।
সিরাজগঞ্জ সদর থানার ওসি রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, গত ৩ সেপ্টেম্বর গভীর রাতে নতুন ভাঙ্গাবাড়ি মহল্লার আল আমিনের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। এ সময় চোরেরা বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি করে নিয়ে যায়।
এ ঘটনায় থানায় অভিযোগ করা হলে পুলিশ বিশেষ তথ্যপ্রযুক্তির মাধ্যমে তদন্ত শুরু করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যার দিকে এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে সুফিয়ান ওরফে সবুজকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে স্বর্ণালংকার ও নগদ ১০ হাজার ২৫৫ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
