মিঠাপুকুরে পরিত্যক্ত অবস্থায় ১৭ রাউন্ড গুলি-কার্তুজ উদ্ধার

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ২১:২৮ | অনলাইন সংস্করণ

  রংপুর ব্যুরো

রংপুরের মিঠাপুকুরে পরিত্যক্ত অবস্থায় রাইফেলের গুলি ও শটগানের কার্তুজ উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।

তিনি জানান, উদ্ধার করা গোলাবারুদের মধ্যে শটগানের ৮ রাউন্ড সিসা কার্তুজ (লেড বল), ৮ রাউন্ড রাবার কার্তুজ এবং ৭.৬২ মি.মি. রাইফেলের এক রাউন্ড তাজা গুলি রয়েছে।

র‌্যাব জানায়, শনিবার ভোর রাতে র‌্যাব-১৩ রংপুরের একটি অভিযানিক দল মিঠাপুকুর থানার লতিবপুর ইউনিয়নের রশিদপুর গ্রামের জনৈক রইস উদ্দিনের ওয়াক্ফ এস্টেটের পুকুরপাড়ে অভিযান পরিচালনা করে। এ সময় সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় মোট ১৭ রাউন্ড গুলি ও কার্তুজ উদ্ধার করা হয়।

র‌্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী বলেন, পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা গুলি ও কার্তুজের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামত জিডি মূলে রংপুর জেলার মিঠাপুকুর থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, অস্ত্র ও সন্ত্রাসের বিরুদ্ধে র‌্যাব-১৩-এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।