সিরাজগঞ্জে কৃষকের গোয়ালঘর থেকে ৮টি গরু চুরি
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৫৪ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের তাড়াশ পৌর এলাকার খুটিগাছা মহল্লায় কৃষক হায়দার আলীর গোয়ালঘর থেকে ৮টি গরু চুরির ঘটনা ঘটেছে। চোরেরা গোয়ালঘরের তালা ভেঙে গরুগুলো নিয়ে গেছে। এ ঘটনায় কৃষক পরিবারটি চরম হতাশায় ভুগছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রোববার গভীর রাতে বিশেষ কৌশলে ওই কৃষকের গোয়ালঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে সংঘবদ্ধ চোরেরা। পরে গোয়ালে থাকা ৮টি গরু চুরি করে নিয়ে যায়।
সোমবার সকালে কৃষক হায়দার আলী গোয়ালে ঢুকে গরুগুলো দেখতে না পেয়ে চিৎকার শুরু করেন। একপর্যায়ে পরিবারের সবাই কান্নায় ভেঙে পড়েন। পরে গ্রামবাসী এসে তাদের সান্ত্বনা দেন।
ধারণা করা হচ্ছে, চোরেরা গরুগুলো ট্রাকযোগে নিয়ে গেছে। চুরি যাওয়া গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা।
এ বিষয়ে তাড়াশ থানার ওসি ইমাম জাফর বলেন, এ ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। ইতোমধ্যেই গরু উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তারে এলাকায় বিশেষ অভিযান শুরু করা হয়েছে। আশা করছি, দুই-এক দিনের মধ্যেই গরু উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তার করা সম্ভব হবে।
এদিকে শস্যভান্ডারখ্যাত তাড়াশ উপজেলার বিভিন্ন গ্রামে গরু চুরির ঘটনা নতুন কিছু নয়। গত মাসে এ উপজেলার তিনজন কৃষকের কমপক্ষে ১০টি গরু চুরির ঘটনা ঘটে। এতে কৃষক ও খামারিদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
তবে গরু চুরি বন্ধে পুলিশও কঠোর ব্যবস্থা নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
