সিরাজগঞ্জে ঝটিকা মিছিল, ছাত্রলীগসহ ৩ নেতা গ্রেফতার

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:৩২ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে বিশেষ অভিযানে (কার্যক্রম নিষিদ্ধ) ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মহাসড়কে ঝটিকা মিছিল করার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—সিরাজগঞ্জ পৌর এলাকার ভাঙ্গাবাড়ি মহল্লার লিটন শেখের ছেলে ও শহর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সোহান শেখ সুজন, দিয়ার ধানগড়া মহল্লার আলমগীর হোসেনের ছেলে ও শহর ছাত্রলীগের বর্তমান সহ-সভাপতি সাজ্জাদ হোসেন শুভ এবং কালিবাড়ী মহল্লার শেখ মামুনের ছেলে ও নবগঠিত জেলা স্বেচ্ছাসেবক লীগের উপদপ্তর সম্পাদক হেদায়ুত ইসলাম।

সদর থানার ওসি রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, বৃহস্পতিবার ভোরে ছাত্রলীগ নেতা সোহান শেখ সুজনের নেতৃত্বে যমুনা সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেন। স্বল্প সময়ের ওই মিছিলে তারা বিভিন্ন স্লোগান দিয়ে দ্রুত সেখান থেকে চলে যায়।

ওসি জানান, এ ঘটনায় বিশেষ তথ্যপ্রযুক্তির মাধ্যমে দ্রুত তদন্ত শুরু করা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যারাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। অভিযানে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তারা তিনজনই ওইদিনের মিছিলে অংশ নিয়েছিলেন।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। তবে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ওসি রাকিবুল হাসান।