যমুনায় বাল্কহেড ডুবে শ্রমিক নিখোঁজ, ১ জনের লাশ উদ্ধার
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২২:০০ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে যমুনা নদীতে বালুবাহী বাল্কহেড ডুবে দুই শ্রমিক নিখোঁজের ঘটনার দুই দিন পর ফয়সাল (১৯) নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কাশিমনগর গ্রামের মোক্তার হোসেনের ছেলে।
তবে নোয়াখালীর মাইজদী উপজেলার আন্তারচর গ্রামের লোকমান হোসেন মৃধার ছেলে ইঞ্জিন মিস্ত্রি মোরশেদ (২৫)-এর সন্ধান এখনও পাওয়া যায়নি। তাকে উদ্ধারে যমুনায় পুলিশ ও ফায়ার সার্ভিসের অভিযান অব্যাহত রয়েছে।
সিরাজগঞ্জ নৌ থানার ওসি রফিকুল ইসলাম তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, শনিবার সন্ধ্যারাতে সিরাজগঞ্জ সদর উপজেলার বড় কয়ড়া এলাকায় যমুনা নদীতে বালুবাহী একটি বাল্কহেড ডুবে যায়। এ সময় ওই বাল্কহেডে থাকা পাঁচ শ্রমিকের মধ্যে তিনজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও দুইজন পানিতে ডুবে নিখোঁজ হন।
ঘটনার রাত থেকেই ঘটনাস্থল এলাকায় নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ উদ্ধার অভিযান শুরু হয়। পরে সোমবার বিকেলে যমুনা সেতু উত্তর এলাকার যমুনা নদী থেকে শ্রমিক ফয়সালের লাশ উদ্ধার করা হয়। তবে এখনও মোরশেদের সন্ধান পাওয়া যায়নি।
এ বিষয়ে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক শরীফুল ইসলাম জানান, নদীর প্রবল স্রোতের কারণে বালুবোঝাই ওই বাল্কহেডটি ডুবে যায়। ঘটনার পর থেকেই যমুনার বিভিন্ন স্থানে বিশেষ উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। ইতোমধ্যে ফয়সালের লাশ উদ্ধার করা হয়েছে। মোরশেদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।
