৯ একর জমি দখলের চেষ্টার অভিযোগ, বরগুনায় সংবাদ সম্মেলন
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২২:১৭ | অনলাইন সংস্করণ
বরগুনা প্রতিনিধি

বরগুনায় প্রায় ৯ একর রেকর্ডীয় জমি দখলের চেষ্টা, মোটা অঙ্কের চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তা এবং প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে সংবাদ সম্মেলন করেছেন জমির দাবিদার পরিবারের দুই ভাই।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় বরগুনা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন শুভাষ চন্দ্র ঘোষ।
লিখিত বক্তব্যে তিনি জানান, বরগুনা শহরের খাকদোন নদীর উত্তরপাড়ের বড় গৌরীচন্না মৌজায় বিভিন্ন খতিয়ানে প্রায় ৯ একর রেকর্ডীয় জমিতে তারা দীর্ঘ প্রায় ৩৫ বছর ধরে ইটভাটার ব্যবসা পরিচালনা করে আসছেন। সম্প্রতি ইটভাটার ব্যবসা বন্ধ করে ওই জমিতে হাউজিং ব্যবসা শুরু করেছেন তারা।
অভিযোগ করা হয়, স্থানীয়ভাবে পরিচিত চাঁদাবাজ ও একাধিক মামলার আসামি হিসেবে উল্লেখ করা বিপ্লব বিশ্বাস তার সহযোগীদের নিয়ে তাদের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে জমি দখলের চেষ্টা এবং খুনের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, গত ১২ সেপ্টেম্বর গভীর রাতে ২০ থেকে ২৫ জনের একটি সশস্ত্র দল ওই জমিতে প্রবেশ করে। এ সময় তারা নৈশপ্রহরীকে অস্ত্রের মুখে জিম্মি করে মাটি কেটে জমি দখলের চেষ্টা করে। পরে সকালে প্রকল্পের স্টাফ বিষয়টি জানালে বরগুনা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগে বিপ্লব বিশ্বাসের সঙ্গে কালাম (মেম্বার), সেন্টু, ডলার, লিমন, হারুন মাস্টার ও আব্বাসসহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। তাদের বিরুদ্ধে যেকোনো সময় জমি দখল, গুম ও হত্যার আশঙ্কাও প্রকাশ করেছেন অভিযোগকারীরা।
তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
