প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগ, সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৬ | অনলাইন সংস্করণ
দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার দেবহাটায় এক বাকপ্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগে সাবেক ইউপি সদস্য আরমান হোসেনের (৪৫) বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত আরমান হোসেন দেবহাটা গ্রামের ওয়াজেদ আলীর ছেলে এবং দেবহাটা সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।
এ ঘটনায় মামলাটি দায়ের করেছেন উপজেলার বসন্তপুর গ্রামের নুর ইসলামের ছেলে ও ওই বাকপ্রতিবন্ধী গৃহবধূর স্বামী গোলাম হোসেন। দেবহাটা থানায় দায়ের করা মামলাটির নম্বর-০৪।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, বাদীর স্ত্রী একজন বাকপ্রতিবন্ধী নারী। গত ১১ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি দেবহাটা সাকিনস্থ বিজিবি ক্যাম্পের পেছনে তাঁর ভাগনি জামাত মোজামের বাড়ি থেকে পায়ে হেঁটে বসন্তপুরের নিজ বাড়িতে ফিরছিলেন।
এ সময় জনৈক পুটুর বাড়ির উত্তর পাশে পাকা রাস্তায় পৌঁছালে অভিযুক্ত আরমান হঠাৎ মোটরসাইকেলযোগে তাঁর সামনে এসে দাঁড়ান এবং ইশারা করে তাঁকে থামতে বলেন। ওই ইশারা অনুযায়ী তিনি সেখানে দাঁড়ালে আশপাশে কোনো লোকজন না থাকার সুযোগে আরমান মোটরসাইকেল থেকে নেমে যৌন কামনা চরিতার্থ করার উদ্দেশ্যে তাঁর স্পর্শকাতর স্থানে স্পর্শ করেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।
এ সময় ওই নারী ডাক-চিৎকার করলে পথচারী আল-আমিন বাবু, পিতা-মৃত হুরমুজ আলী, সাং-বসন্তপুর, থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরা ঘটনাটি দেখতে পান। তিনি দ্রুত ঘটনাস্থলে এসে আরমানকে কিছু জিজ্ঞাসা করলে কোনো উত্তর না দিয়ে আরমান মোটরসাইকেল চালিয়ে বসন্তপুর প্রাথমিক বিদ্যালয়ের দিকে চলে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় বাদী গোলাম হোসেন দেবহাটা থানায় মামলা দায়ের করেন।
দেবহাটা থানার ওসি এইচ এম শাহীন বলেন, অভিযুক্তের বিরুদ্ধে প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়ায় মামলা রেকর্ড করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারে পুলিশি অভিযান চলমান রয়েছে।
