চুয়াডাঙ্গায় শিক্ষার্থীদের ওপর হামলা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৫৬ | অনলাইন সংস্করণ
চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা সদর উপজেলা শহরের টি অ্যান্ড টি এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতা নাঈম পারভেজ সজলকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নাঈম পারভেজ সজল উপজেলার শহরের আরামপাড়া এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে চুয়াডাঙ্গা পুলিশ সুপার রুহুল কবীর খানের নির্দেশে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শহরের টি অ্যান্ড টি এলাকায় অভিযান চালায়।
এ সময় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের চুয়াডাঙ্গা পৌর সাধারণ সম্পাদক নাঈম পারভেজ সজলকে গ্রেপ্তার করা হয়।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, নাঈম পারভেজ সজলের বিরুদ্ধে ২০২৪ সালের জুলাই ও আগস্ট মাসে শিক্ষার্থীদের ওপর হামলার মামলা রয়েছে। মামলাটির নম্বর ২০, তারিখ ২০ আগস্ট ২০২৪।
ওসি আরও জানান, নাঈম পারভেজ সজল দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
