
নিত্যপ্রয়োজনীয় পণ্য, ওষুধ, সার ও খাদ্যের বাজার নিয়ন্ত্রণে চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা উপজেলায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর। অভিযানে সার বিক্রিতে অনিয়ম, ভুয়া বিজ্ঞাপনের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান এবং নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যসামগ্রী তৈরি ও সংরক্ষণের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত সদর উপজেলার গোকুলখালী ও আলমডাঙ্গা উপজেলার ভালাইপুর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে জরিমানা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের জেলা কার্যালয় সূত্রে জানা যায়, সদর উপজেলার গোকুলখালী বাজারে অবৈধভাবে সার বিক্রির দায়ে মো. হামিদুল ইসলামের প্রতিষ্ঠান ‘মেসার্স হামিদুল ট্রেডার্স’কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া মিথ্যা বিজ্ঞাপন দিয়ে চিকিৎসা সেবা প্রদানের দায়ে মো. সাইফুল ইসলামের ‘মেসার্স জিকু মেডিকেল হল’কে ১০ হাজার টাকা এবং নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যসামগ্রী তৈরি ও সংরক্ষণের দায়ে ভালাইপুরের মো. কালাম উদ্দিনের ‘মেসার্স ভাই ভাই হোটেল’কে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনটি প্রতিষ্ঠানকে সর্বমোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রিয়াজ মাহমুদ, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং জেলা আনসার ব্যাটালিয়নের একটি টিম।
জনস্বার্থে এবং বাজারব্যবস্থা স্বাভাবিক রাখতে এ ধরনের তদারকি অভিযান অব্যাহত থাকবে বলে জানান জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।