কাউখালীতে ভুয়া পুলিশ আইডি ও কার্তুজসহ যুবক আটক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ২১:২৪ | অনলাইন সংস্করণ
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের কাউখালীতে অভিযান চালিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভাটারা থানা থেকে লুট হওয়া ৬৯ রাউন্ড শর্টগানের কার্তুজ, দুটি ওয়াকিটকি ও ভুয়া পুলিশ আইডি কার্ডসহ মো. শাওন ইসলাম অপু (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের শিয়ালকাঠী চৌরাস্তা মোড় এলাকায় আসামির বসতবাড়ির ছাদের ফুলগাছের টব থেকে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে কাউখালী থানায় আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে পিরোজপুর-নেছারাবাদ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) প্রণয় রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
পুলিশের প্রেস রিলিজ ও সংবাদ ব্রিফিং সূত্রে জানা যায়, বরিশাল রেঞ্জের ডিআইজির দিকনির্দেশনা এবং পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে কাউখালী থানা পুলিশ অপরাধ দমন ও অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করছিল।
গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী থানার একটি দল শিয়ালকাঠী গ্রামের মৃত শাখাওয়াত হোসেন দুলালের ছেলে শাওন ইসলাম অপুর বসতবাড়ির ছাদে অভিযান চালায়। এ সময় আসামির দেখানো মতে ছাদের ফুলগাছের টবে লুকানো অবস্থায় ৬৯ রাউন্ড শর্টগানের কার্তুজ ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
কার্তুজগুলোর গায়ে ‘Rubber Buckshot, 2023-BP-67mm, Made in Cyprus’ লেখা রয়েছে। আসামির ভাষ্য অনুযায়ী, উদ্ধারকৃত শর্টগানের কার্তুজ ও দুটি ওয়াকিটকি রাজধানী ঢাকার ভাটারা থানা থেকে লুট করা হয়েছিল।
উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে—ভাটারা থানা থেকে লুট হওয়া ৬৯ পিস শর্টগানের কার্তুজ, দুটি ওয়াকিটকি, একটি খেলনা সদৃশ পিস্তল, দুটি কিরিচ, একটি পুলিশের ভুয়া আইডি কার্ড। ওই আইডি কার্ডে নাম ‘Shawon Islam’, পদবি ‘SI (DB)’ এবং আইডি নম্বর ‘BP9747843222’ উল্লেখ রয়েছে।
এছাড়া দুটি ভুয়া অস্ত্রের লাইসেন্স, একটি পিস্তলের হোলস্টার (চামড়ার কভার) এবং পুলিশের ইউনিফর্ম পরিহিত অভিযুক্তের দুটি স্ট্যাম্প সাইজের ছবি উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামি মো. শাওন ইসলাম অপুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
সংবাদ ব্রিফিংয়ে আরও বলা হয়, অপরাধ দমন ও জননিরাপত্তা বিধানে পিরোজপুর জেলা পুলিশ সদা জাগ্রত রয়েছে।
