চাঁদপুরে রেলওয়ের জঙ্গল পরিষ্কার, তৈরি হলো খেলার মাঠ

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৩ | অনলাইন সংস্করণ

  চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা রেলওয়ের জঙ্গল পরিষ্কার করে নেশা ও জুয়ার আড্ডা উচ্ছেদ করেছে ‘ক্লিন চাঁদপুর’। পরিষ্কার করা জায়গাটি এখন শিশু-কিশোরদের খেলার উপযোগী করা হয়েছে। দীর্ঘদিনের জঙ্গল পরিষ্কার হওয়ায় স্বস্তি ফিরেছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল পর্যন্ত ক্লিন চাঁদপুরের প্রতিষ্ঠাতা ও চাঁদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশের নেতৃত্বে সংগঠনের প্রায় ৩০ জন সদস্য পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। তারা দীর্ঘদিন ধরে গজিয়ে ওঠা ঝোপঝাড়, আগাছা ও বিভিন্ন ধরনের আবর্জনা অপসারণ করে পুরো জায়গাটি পরিষ্কার করেন এবং খেলার উপযোগী করে তোলেন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় রেলওয়ের ওই জায়গাটি ঝোপঝাড় ও জঙ্গলে পরিণত হয়েছিল। সেখানে নিয়মিত নেশা ও জুয়ার আড্ডা বসত। এতে আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও অস্বস্তি তৈরি হয়। বিশেষ করে শিশু-কিশোরদের চলাচল ও খেলাধুলার পরিবেশ ব্যাহত হচ্ছিল। বিষয়টি স্থানীয়রা ক্লিন চাঁদপুরের নেতৃবৃন্দকে জানালে সংগঠনটি তাৎক্ষণিকভাবে উদ্যোগ নেয়।

ক্লিন চাঁদপুরের প্রতিষ্ঠাতা ও চাঁদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ বলেন, চাঁদপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের এই পরিত্যক্ত রেলওয়ের জঙ্গলে প্রতিনিয়ত নেশা ও জুয়ার আড্ডা বসত। এখানকার বাসিন্দারা বিষয়টি তাদের জানিয়েছেন। তাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে ক্লিন চাঁদপুরের সদস্যদের নিয়ে জঙ্গলটি পরিষ্কার করা হয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের নির্দেশনা অনুযায়ী ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় আশপাশের ময়লা-আবর্জনা ও অপরিচ্ছন্ন স্থান পরিষ্কার রাখা প্রয়োজন। সেই দায়িত্ববোধ থেকেই ক্লিন চাঁদপুর নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করে আসছে।

অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ আরও বলেন, এখন থেকে এই জায়গায় এলাকার শিশু-কিশোররা খেলাধুলা করতে পারবে। ক্লিন চাঁদপুরের পক্ষ থেকে তাদের খেলাধুলার সামগ্রীও দেওয়া হবে। তাদের লক্ষ্য শুধু ময়লা-আবর্জনা পরিষ্কার করা নয়, পরিচ্ছন্ন পরিবেশের পাশাপাশি শিশু-কিশোরদের জন্য একটি সুন্দর ও নিরাপদ পরিবেশ তৈরি করা।

তিনি আরও জানান, পরিত্যক্ত ও অপরিচ্ছন্ন জায়গাগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে সেগুলো পরিষ্কার করার পাশাপাশি স্থানীয়দের মধ্যে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসচেতনতা বাড়াতে কাজ করবে ক্লিন চাঁদপুর।

এদিকে দীর্ঘদিনের জঙ্গল পরিষ্কার করে শিশু-কিশোরদের জন্য খেলার মাঠ তৈরি করায় ক্লিন চাঁদপুরের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।