সাতক্ষীরায় নকল সার-কীটনাশক তৈরি, সাব ডিলার আটক

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৩৩ | অনলাইন সংস্করণ

  সাতক্ষীরা প্রতিনিধি

ভেজাল সার ও কীটনাশক তৈরি করে বিক্রির অভিযোগে সাতক্ষীরার তালায় অভিযান চালিয়ে বিসিআইসি সাব সার ডিলার মশিয়ার রহমান মোড়লকে আটক করেছে র‌্যাব। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে এক মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা তালা উপজেলার লাউতাড়া গ্রামে অভিযান চালিয়ে মশিয়ার রহমানের বাড়ি থেকে বিপুল পরিমাণ ভেজাল সার ও কীটনাশকসহ বিভিন্ন কৃষি উপকরণ জব্দ করেন। মশিয়ার রহমান উপজেলার লাউতাড়া গ্রামের ইমান আলীর ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, লাউতাড়া গ্রামের বিসিআইসি সার সাব-ডিলার মশিয়ার রহমান মোড়লের বাড়িতে বিভিন্ন কোম্পানির নামে ভেজাল সার ও কীটনাশক তৈরি করে বাজারে বিক্রি করা হচ্ছে। এমন অভিযোগের ভিত্তিতে বুধবার সকালে তার বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে অনুমোদনহীন কীটনাশক তৈরি করে বিভিন্ন লেভেলে বাজারজাত করার প্রমাণ পাওয়া যায়। এ সময় ৯০০ লিটার কীটনাশক তৈরির তরল, ৮৭০ কেজি নকল কৃষিপণ্য তৈরির উপকরণ, বোতল ও লেভেল উদ্ধার করা হয়। পরে নকল পণ্য প্রস্তুতকারী মশিয়ার রহমানকে আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা বলেন, আটক মশিয়ার রহমান মোড়লকে এক মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

একই সঙ্গে প্রায় ৫ লাখ টাকা মূল্যের নকল ও ভেজাল মালামাল ধ্বংসের নির্দেশ দেওয়া হয়েছে।