পীরগঞ্জে এসএসসির ফলাফলে শীর্ষে জাহাঙ্গীরাবাদ উচ্চ বিদ্যালয়
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১৮ | অনলাইন সংস্করণ
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

রংপুরের পীরগঞ্জ উপজেলার জাহাঙ্গীরাবাদ উচ্চ বিদ্যালয় চলতি Library বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে উপজেলার শীর্ষস্থান অর্জন করেছে। এবার এ প্রতিষ্ঠান থেকে ৮৫ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ৮৩ জন উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১২ জন। বিদ্যালয়টির পাশের হার ৯৭ দশমিক ৬৫ শতাংশ।
এ সাফল্য উদযাপন উপলক্ষে বুধবার বিদ্যালয় প্রাঙ্গণে জিপিএ-৫ প্রাপ্ত ১২ জনসহ প্রতিষ্ঠানের ৮০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুন্নবী চৌধুরী পলাশ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান, একাডেমিক সুপারভাইজার সাজেদুল বারী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান বিটু, পীরগঞ্জ পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি শহিদুল ইসলাম সেবু, পীরগঞ্জ বাশিসের সাধারণ সম্পাদক আবু আজাদ বাবলু, পাঁচগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি একরামুল হক, কৃতি শিক্ষার্থী মনীষা বেগম ও রাকিব হাসান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সাইফুল ইসলাম বলেন, “শিক্ষার্থীদের এই সাফল্য শুধু তাদের ব্যক্তিগত অর্জন নয়, এটি বিদ্যালয়, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে হবে। ভবিষ্যতে তারা যেন দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে পারে, সে লক্ষ্যে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।”
তিনি জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, ভালো ফলাফলের ধারাবাহিকতা ধরে রাখতে শিক্ষার পরিবেশ আরও উন্নত করতে হবে। একই সঙ্গে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের প্রতি বিশেষ নজর দেওয়ার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও উপহার তুলে দেওয়া হয়।
এ ছাড়া অনুষ্ঠানে রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে সকল শিক্ষার্থীর মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করেন এবং বিদ্যালয়ের একাডেমিক ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন।
