আলমডাঙ্গায় মসজিদ থেকে ফেরার পথে সাপের কামড়ে বৃদ্ধ নিহত

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৫০ | অনলাইন সংস্করণ

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর গ্রামে সাপের কামড়ে শফি মন্ডল (৫৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে পার্শ্ববর্তী মসজিদ থেকে ফজরের নামাজ আদায় করে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।

নিহত শফি মন্ডল উপজেলার খাদিমপুর গ্রামের নূর বাক্স মন্ডলের ছেলে।

নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার সকালে শফি মন্ডল বাড়ির পার্শ্ববর্তী মসজিদে ফজরের নামাজ আদায় করে বাড়ি ফিরছিলেন। এ সময় পথের মধ্যে একটি বিষধর সাপ তার পায়ে কামড় দেয়। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয় কবিরাজের মাধ্যমে চিকিৎসা দেওয়ার আগেই তিনি নিহত হন।

নিহতের বাবা নূর বাক্স মন্ডল জানান, বুধবার ভোরে তার ছেলে শফি মন্ডল বাড়ির পার্শ্ববর্তী মসজিদে ফজরের নামাজ পড়তে যান। নামাজ আদায় করে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, তিনি ঘটনাটি শুনেছেন।