ঈশ্বরদীতে পদ্মার চরে ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প পরিদর্শন

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৯:০২ | অনলাইন সংস্করণ

  ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীর চরে প্রস্তাবিত ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের এলাকা হেলিকপ্টারযোগে বিশেষ পরিদর্শন করেছেন দেশি-বিদেশি সংশ্লিষ্ট প্রতিনিধিরা। প্রকল্পটির বাস্তবায়ন কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া, স্বল্প সময়ে প্রকল্প এলাকা পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় প্রস্তুতি ত্বরান্বিত করার লক্ষ্যে এ পরিদর্শনের আয়োজন করা হয়।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পাবনা ১০০ মেগাওয়াট সোলার লিমিটেডের প্রস্তাবিত প্রকল্প এলাকা পরিদর্শন করা হয়।

ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের আরামবাড়িয়া এলাকায় পদ্মা নদীর চরে প্রকল্পটির স্থান নির্ধারণ করা হয়েছে।

দুপুর সাড়ে ১২টার দিকে সংশ্লিষ্ট প্রতিনিধিরা হেলিকপ্টারযোগে সাঁড়া ইউনিয়নের আরামবাড়িয়া বাজারের পাশে ঐতিহ্যবাহী আসনা ফুটবল মাঠে অবতরণ করেন। পরে গাড়িতে করে তাঁরা প্রকল্প এলাকায় গিয়ে পরিদর্শন করেন।

পাবনা ১০০ মেগাওয়াট সোলার লিমিটেডের সহকারী ব্যবস্থাপনা পরিচালক ডা. ইয়াসির আরসাদ রাজনের নেতৃত্বে পরিদর্শনে অংশ নেন বিনিয়োগকারী প্রতিষ্ঠান সোলার গ্লোবাল ইনভেস্টমেন্ট লিমিটেডের চেয়ারম্যান ও অস্ট্রেলীয় নাগরিক মোহাম্মদ রুশিদি এবং প্রতিষ্ঠানটির অংশীদার ও সুইস নাগরিক ইভ ফিলিপ আমাদেউস লেইস।

এ সময় আরও উপস্থিত ছিলেন পাবনা ১০০ মেগাওয়াট সোলার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ আনোয়ার হোসেন, প্রজেক্ট ডেভেলপমেন্ট ডিরেক্টর মোহাম্মদ আশিক হাসান এবং ম্যানেজার (অ্যাডমিন) মো. নাসির উদ্দিন। পরিদর্শন কার্যক্রমের স্থানীয় ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন প্রকল্পের স্থানীয় ব্যবস্থাপক মো. আব্দুর রশিদ।

পরিদর্শনের সময় প্রকল্প এলাকার বর্তমান অবস্থা, যোগাযোগব্যবস্থা, অবকাঠামোগত সুযোগ-সুবিধা এবং প্রকল্প বাস্তবায়নের সম্ভাব্য বিভিন্ন দিক পর্যবেক্ষণ করা হয়।

উল্লেখ্য, দেশে চলমান বিদ্যুৎ-ঘাটতি মোকাবিলা এবং নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বাড়ানোর লক্ষ্যে পাবনা ১০০ মেগাওয়াট সোলার লিমিটেড, প্রাইম রিনিউএবল হোল্ডিংস লিমিটেড এবং বিনিয়োগকারী প্রতিষ্ঠান সোলার গ্লোবাল ইনভেস্টমেন্ট লিমিটেডের যৌথ উদ্যোগে প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা ও প্রস্তুতি সম্পন্ন করে প্রকল্পটির নির্মাণকাজ দ্রুততম সময়ের মধ্যে শুরু করা সম্ভব হবে। প্রস্তাবিত ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের বিদ্যুৎ-ঘাটতি পূরণ, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং জাতীয় বিদ্যুৎব্যবস্থাকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এর কয়েক দিন আগে পাবনা ১০০ মেগাওয়াট সোলার পাওয়ার প্ল্যান্টের স্টেশন স্থাপনের জন্য ঈশ্বরদী ২৩০/১৩২ কেভি গ্রিড উপকেন্দ্র এবং সোলার পাওয়ার প্ল্যান্ট স্থাপনের স্থান পরিদর্শন করেন দেশি-বিদেশি কারিগরি প্রতিনিধিরা।

ওই পরিদর্শনে প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন, মোহাম্মদ রুসদি (Mr. Mohammad Rusydi, অস্ট্রেলিয়া), মিসেস ত্রিয়ান নোপিতাসারি ইয়াসাত (Ms. Triyan Nopitasari Yasat, ইন্দোনেশিয়া), রিজকি রুসদিয়ান্তো (Mr. Rizki Rusdianto, ইন্দোনেশিয়া), শেন জেস ললোর (Mr. Sean James Lawlor, সিঙ্গাপুর), ফাদলুর রহমান (Mr. Fadhlurrachman, ইন্দোনেশিয়া) ও জেং জিয়াওবো (Mr. Zeng Xiaobo, চায়না) উপস্থিত ছিলেন।

বিদেশি প্রতিনিধিদের সঙ্গে পাবনা ১০০ মেগাওয়াট সোলার লিমিটেডের প্রতিনিধি ও পরিচালকবৃন্দও উপস্থিত ছিলেন। এ সময় কোম্পানির সহকারী ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইয়াসির আরশাদ রাজন (Razon), সাইড ইনচার্জ আশিক হাসান এবং প্রকল্পের স্থানীয় ব্যবস্থাপক আব্দুর রশিদ উপস্থিত ছিলেন।